শিমুল বিশ্বাসের ভাইকে অপহরণের দাবি পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের ছোট ভাই নিঠু বিশ্বাস (৪৫) অপহৃত হয়েছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে তাঁকে পাবনা পৌর এলাকার কুঠিপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
নিঠু বিশ্বাসের বড় ভাই বাবুল বিশ্বাস বলেন, তাঁর ভাই একজন সাধারণ ব্যবসায়ী ও কৃতী শ্যুটার। ব্যবসায়িক কাজ শেষে গতকাল বুধবার সন্ধ্যায় তিনি বাড়ি ফেরেন। রাত ১০টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে বসে ছিলেন তিনি। এ সময় একটি মাইক্রোবাসে অস্ত্রধারী কয়েকজন এসে অস্ত্র ঠেকিয়ে তাঁকে তুলে নিয়ে যায়। এর পর থেকে তাঁর আর কোনো খবর পাওয়া যাচ্ছে না।
ঘটনার পর নিঠু বিশ্বাসের স্ত্রী ছকিনা খাতুন জিডি করতে স্থানীয় থানায় গেছেন বলে জানা গেছে।
সদর থানার ওসি আহসানুল হক বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে তুলে আনেননি। ঘটনার পর তাঁর ছেলে মুঠোফোনে তাঁর সঙ্গে কথা বলেছে। তিনি ছেলেকে জানিয়েছেন, শহরের আশপাশেই আছেন তিনি। বিষয়টি তদন্ত করে দেখছি।’