শিলা ও বজ্রাঘাতে দুই কৃষক নিহত
নাটোরের লালপুর উপজেলার মহারাজপুর গ্রামে গতকাল বুধবার বিকেলে কালবৈশাখীর সময় বজ্রপাতে আবুল কালাম (৩০) নামের এক কৃষক নিহত হয়েছেন। এর আগে মঙ্গলবার পাবনার বেড়া উপজেলায় কালবৈশাখী ও বৃষ্টিপাতের সময় শিলার আঘাতে ইউসুফ আলী নামের এক কৃষক মারা গেছেন।
লালপুর থানার পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে মহারাজপুর গ্রামের ছফের উদ্দিনের দুই ছেলে আবুল কালাম ও আবদুস সালাম (২৭) জমিতে সেচ দিচ্ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন। আবদুস সালামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া বজ্রপাতে উত্তর লালপুর গ্রামের নীলচাঁদ আলীর ছেলে রনি (১২), আমীর আলীর ছেলে সুজন (২৯) এবং গৌরীপুর গ্রামের রফিকের ছেলে ফেরদৌস আহমেদ আহত হন। তাঁদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ঝড়ের সময় বেড়া উপজেলার বাঙাবাড়িয়া গ্রামের ইউসুফ আলী (৬২) বাড়ির পাশে জমিতে পেঁয়াজ তুলছিলেন। ঝড় ও শিলাবৃষ্টির হাত থেকে বাঁচতে তিনি দৌড়ে বাড়ি ফেরার সময় অসুস্থ হয়ে পড়েন এবং রাস্তায়ই মারা যান।
এদিকে ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার বোরো, পেঁয়াজ, মরিচসহ বিভিন্ন ফসলের খেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
বেড়া কৃষি ক্লাবের সভাপতি ফিরোজ মিয়া বলেন, ঝড়ের সঙ্গে শিলার আঘাতে পৌর এলাকায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া বেশির ভাগ বাড়ির আম ঝরে পড়ে গেছে।
বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা ঈসমাইল হোসেন অবশ্য দাবি করেন, ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের কোনো ক্ষতি হয়নি।