শিলাইদহ কুঠিবাড়ি থেকে দুটি তরবারি চুরি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে রক্ষিত দুটি তরবারি চুরি হয়েছে। গত বুধবার বিকেল পাঁচটার পর থেকে বৃহস্পতিবার সকাল নয়টার মধ্যে যেকোনো সময় চুরির এ ঘটনা ঘটে। এ ঘটনায় কুঠিবাড়ির কাস্টোডিয়ান মখলেচুর রহমান কুমারখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মখলেচুর রহমান আজ রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, গত বুধবার বিকেল পাঁচটার দিকে প্রতিদিনের মতো কুঠিবাড়ির সব কক্ষ বন্ধ করে প্রধান ফটক সিলগালা করে তিনি সরকারি কাজে খুলনায় চলে যান। এ সময় কুঠিবাড়ির লাইব্রেরিয়ান কাম কাস্টোডিয়ান বাকী বিল্লাহ দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি জানতে পারেন কুঠিবাড়ির দ্বিতীয় তলার ২০১ নম্বর কক্ষÿথেকে আলমারিতে রাখা পাঁচটি তরবারির মধ্যে দুটি পাওয়া যাচ্ছে না এবং ওই আলমারির তালা ভাঙা। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে কুমারখালী থানার ওসিকে অবহিত করেন। পরে শিলাইদহে ফিরে তিনি তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান। এবং ওই দিন সন্ধ্যায় কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এদিকে, চারদিকে সীমানা দেওয়া সুরক্ষিত ভবন থেকে কীভাবে তরবারি চুরি হলো, তা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। কেননা ঘটনার সময় প্রধান ফটক সিলগালা করা ছিল। কুঠিবাড়ি চত্বরে স্থায়ী একটি আনসার ক্যাম্প রয়েছে। সেখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিরাপত্তাকর্মী ছাড়াও ১০ সদস্যদের একটি আনসার ক্যাম্প আছে। তাঁদের কাছে অস্ত্রও থাকে। ঘটনার দিন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দুজন নিরাপত্তাকর্মীও পাহারায় ছিলেন।
এ ব্যাপারে আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার (পিসি) বাবুল মণ্ডল বলেন, রাতের কোনো এক সময় হয়তো তরবারি দুটি চুরি হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবগত করা হয়েছে।
এ ব্যাপারে জানতে কুঠিবাড়ির লাইব্রেরিয়ান কাম কাস্টোডিয়ান বাকী বিল্লাহকে অনেকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, থানায় জিডি হয়েছে। মামলা না হওয়ায় তদন্ত করতে বা কাউকে আটক করতে সমস্যা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একই থানার এক পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে জানান, ধারণা করা হচ্ছে চুরির ঘটনার সঙ্গে কুঠিবাড়ির কর্মকর্তারা জড়িত আছেন। কেননা কুঠিবাড়ির চতুর্দিকে চারটি সিসি ক্যামেরা আছে। আর ওই দিন বৃষ্টি হওয়ায় সিসি ক্যামেরা বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, আগে থেকে কুঠিবাড়ির ভেতরে কেউ ছিল যে তরবারি দুটি পরে বাইরে বের করে দিয়েছে।