শিল্পকলায় নাট্যকর্মীদের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমীতে গতকাল বুধবার রাতে বহিরাগত কিছুসংখ্যক যুবক নাট্যকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে নাট্যকর্মীসহ তিনজন আহত হন।
ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসবের সপ্তম দিনে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নাটক মঞ্চায়ন হয়। নাটক চলার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাতে শিল্পকলা একাডেমীর সাততলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাটক মঞ্চায়িত হয়। রাত সাড়ে আটটার দিকে দর্শকসারিতে থাকা বহিরাগত কিছু স্থানীয় যুবক মঞ্চে উপস্থাপিত একটি কফিনের ভেতরে কী আছে, তা দেখতে যায়। এতে নাট্যকর্মীরা বাধা দিলে বহিরাগতদের সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। এ সময় বাইরে রাখা কিছু ফেস্টুন ভাঙচুর করা হয়। বহিরাগত যুবকেরা ফোন করে তাদের সঙ্গীদের জানায়। এরই মধ্যে আরও কিছুসংখ্যক যুবক লাঠিসোঁটা নিয়ে এসে নাট্যকর্মীদের ওপর হামলা চালায়। আধা ঘণ্টা ধরে এ অবস্থা চলার সময় বিভিন্ন তলায় পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে নাট্যকর্মীসহ তিনজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ ছয় হামলাকারীকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।