শিল্পসচিবের সই জাল করে...
পানির দরে শিল্পপ্রতিষ্ঠান কিনেছেন ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকায়। কিন্তু প্রতিষ্ঠানটির দাম এখনো সম্পূর্ণ পরিশোধ করেননি। অথচ ওই ঋণের দণ্ডসুদ মওকুফের জন্য আশ্রয় নিয়েছেন জালিয়াতির।
শিল্পসচিব ও সংশ্লিষ্ট উপসচিবের সই জাল করে তৈরি সুদ মওকুফের সারসংক্ষেপ চলে গেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভায়। সেখানে ধরা পড়েছে এই জালিয়াতি। লুৎফর রহমান নামের নারায়ণগঞ্জের এক ব্যবসায়ী এই জালিয়াতি করেছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলে শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা যায়।
১৯৭৬ সালে সরকারের কাছ থেকে পরিত্যক্ত শিল্পপ্রতিষ্ঠান হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত মেসার্স কর্নফ্লাওয়ার মিলটি নিলামে এক কোটি ছয় লাখ টাকায় কিনে নেন লুৎফর রহমান। তখন মোট দামের ২০ শতাংশ অগ্রিম ও ৮০ শতাংশ কিস্তিতে পরিশোধ করবেন বলে চুক্তিবদ্ধ হন। কিন্তু আজ পর্যন্ত সরকারকে পুরো টাকা পরিশোধ করেননি তিনি। গত ৩৮ বছরে সুদ-আসল মিলে তাঁর কাছে সরকারের পাওনা হয়েছে প্রায় ৫০ লাখ টাকা।
শিল্প মন্ত্রণালয় সূত্রের দাবি, মিলটির বর্তমান বাজারমূল্য ১০০ কোটি টাকার বেশি। ক্রেতা সম্পূর্ণ পাওনা পরিশোধ না করায় সরকার এখনো প্রতিষ্ঠানটির নিবন্ধন দেয়নি।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে ২০০৬ সালে কর্নফ্লাওয়ার মিলের মালিকের অনুরোধে ওই প্রতিষ্ঠানের ঋণের দণ্ডসুদ মওকুফ-সংক্রান্ত একটি সারসংক্ষেপ অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভায় পাঠানো হয়েছিল। কিন্তু তা তখন নাকচ হয়ে যায়। এরপর সরকার এ বিষয়ে আর এগোয়নি। হঠাৎ করেই গত ২২ এপ্রিল শিল্প মন্ত্রণালয়ের বিরাষ্ট্রীকরণ ও আইন অধিশাখা থেকে উপসচিব নূরুজ্জামানের সই করা একটি চিঠি যায় মন্ত্রিপরিষদ বিভাগে। চিঠির সঙ্গে কর্নফ্লাওয়ার মিলের দণ্ডসুদ মওকুফের প্রস্তাবসংবলিত একটি সারসংক্ষেপ ছিল।
শিল্পসচিবের সই করা ওই সারসংক্ষেপে বলা হয়, ক্রেতা সরকারের প্রতিটি সিদ্ধান্ত পালন করেছেন। যেহেতু ক্রেতা মূল দামের ১ কোটি ৬০ লাখ এবং সুদবাবদ ৫৪ লাখ ৩৫২ টাকা পরিশোধ করেছেন, সেহেতু তাঁর সর্বশেষ বার্ষিক কিস্তি ২৯ লাখ ৪০ হাজার টাকা দণ্ডসুদ মওকুফ করার প্রস্তাব করা হলো।
চিঠির ভাষা ও ধরন নিয়ে সন্দেহ হওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগ খোঁজ নিয়ে জানতে পারে, শিল্প মন্ত্রণালয় থেকে ওই ধরনের কোনো চিঠি পাঠানো হয়নি। শিল্প মন্ত্রণালয়ে রক্ষিত কর্নফ্লাওয়ার মিলের নথির নোটশিটেও সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ ও উপসচিব মো. নূরুজ্জামানের স্বাক্ষরে দণ্ডসুদ মওকুফের কোনো চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর প্রমাণ নেই।
এ ছাড়া এ ধরনের সারসংক্ষেপে সংশ্লিষ্ট মন্ত্রীর সই ও মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপনের জন্য সারসংক্ষেপের ৩৫ কপি পাঠানোর কথা। কিন্তু মাত্র এক কপি পাঠানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানতে পারে, দণ্ডসুদ মওকুফের জন্য লুৎফর রহমান প্রতারণার আশ্রয় নিয়েছেন এবং তিনি শিল্পসচিব ও উপসচিবের সই জাল করেছেন।
এ পরিস্থিতিতে শিল্প মন্ত্রণালয় লুৎফর রহমানসহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, প্রতিষ্ঠানটি সরকারি দুই কর্মকর্তার সই জাল করে মন্ত্রিপরিষদ বিভাগে ভুয়া চিঠি পাঠানোর মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতিসহ সরকারি স্বার্থ ক্ষুণ্ন করার চেষ্টা চালিয়েছে। এর আগেও একটি জাল সারসংক্ষেপ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছিল। তাই এ প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দায়িত্ব দেওয়া হতে পারে।
জানতে চাইলে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘জালিয়াতির ঘটনা সত্য। এ নিয়ে দ্বিতীয়বার লুৎফর রহমান জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিলেন। আমরা তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব।’