শিল্পীর মাকে নির্মম নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে এক নৃত্যশিল্পীকে নাচ করতে নিষেধ করার পর তা না মানায় তাঁর মাকে নির্মম নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নৃত্যশিল্পীর মা শাহিদা বেগম এখন হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন। এ ব্যাপারে গতকাল বুধবার কেশবপুর থানায় মামলা হয়েছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, নির্যাতনের ঘটনায় করা মামলার বাদী শহিদার স্বামী আনোয়ার হোসেন। মামলায় বিল্লাল, তাঁর ভাই আবদুল হালিম ও তাঁদের মা মনজিলা বেগমকে আসামি করা হয়েছে।
কেশবপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ আবু শাহীন বলেন, শাহিদার গায়ের বিভিন্ন স্থানে মারাত্মক ক্ষতচিহ্ন রয়েছে। গোপনাঙ্গ ছিঁড়ে গেছে। এ কারণে তাঁকে যশোর ২৫০ শয্যা হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেলে পাঠানো হয়েছে।
থানা-পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শহরের থানা মোড় এলাকার হোমিওপ্যাথিক চিকিৎসক আনোয়ার হোসেন উপজেলার ব্রহ্মকাঠি গ্রামে থাকেন। তাঁর একমাত্র সন্তান আফরোজ জাহান ওরফে অ্যানি নৃত্যশিল্পী। গত ২২ জানুয়ারি সাগরদাঁড়িতে মধুমেলায় অ্যানি ঢাকার চিত্রজগতের কিছু নায়িকা ও শিল্পীকে নিয়ে অনুষ্ঠান করতে ব্রহ্মকাঠি থেকে যাওয়ার পথে একই গ্রামের বিল্লাল ও তাঁর সঙ্গীরা তাঁদের বাধা দেন। তাঁরা বলেন, এ গ্রামে থাকলে নাচ করা যাবে না। আধুনিক পোশাক পরা যাবে না, কপালে টিপ পরা যাবে না। এর প্রতিবাদ করলে তাঁরা অ্যানিকে অ্যাসিড মারার হুমকি দেন এবং তাঁদের বহনকারী গাড়ির চালককে তাঁরা মারতে যান। এ ঘটনায় অ্যানির বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে কেশবপুর থানায় একটি মামলা করেন।
এরপর গত মঙ্গলবার সকালে ওই মামলা নিষ্পত্তির জন্য এলাকার কাউন্সিলর মফিজুর রহমান সালিস বৈঠক বসান। এখানে মফিজুর রহমান পাঁচ হাজার টাকা নিয়ে মামলা মিটিয়ে ফেলার প্রস্তাব দেন। বিল্লাল ওই বৈঠকে উপস্থিত না থাকায় অ্যানির মা-বাবা মীমাংসায় রাজি হননি। পরে ওই দিন সন্ধ্যা সাতটার দিকে বিল্লাল তাঁর সঙ্গীদের নিয়ে অ্যানির বাড়িতে হামলা করে তাঁর মাকে নির্মম নির্যাতন করেন। এ সময় অ্যানি ও তাঁর বাবা বাসায় ছিলেন না।
আনোয়ার হোসেন অভিযোগ করেন, তাঁর স্ত্রীর ওপর বর্বরোচিত হামলা করা হয়েছে। প্রতিবেশী শহিদুল ইসলামের স্ত্রী আসমা বেগম বলেন, ‘ঘটনার পরে গিয়ে অবস্থা দেখে আমার গা শিউরে ওঠে।’ তিনি আরও বলেন, যখন শাহেদাকে তিনি দেখেছেন, তখন তাঁর পরনে ছায়া ছাড়া আর কিছু ছিল না। পুরো গা রক্তাক্ত ছিল। এলাকার সাত-আটজন নারী অভিযোগ করেন, বিল্লালের অত্যাচারে তাঁরাও অতিষ্ঠ। এ ঘটনার পর রাতেই লোকজন শাহিদাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কাউন্সিলর মফিজুর রহমান বলেন, ‘এমন নির্যাতন করা ঠিক হয়নি।’ এদিকে বিল্লালের বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি।