শিশু অপহরণ চেষ্টাকালে আটক ২
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা থেকে সাজ্জাদ হোসেন (৭) নামের এক শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন মো. জাবেদ হোসেন (২৩) নামের এক অপহরণকারীকে আটক করেন।
পরে আটক জাবেদের দেওয়া তথ্যমতে অপর অপহরণকারী আবু বক্করকে (২৫) উপজেলার কেরানীহাট এলাকা থেকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত সাড়ে আটটার দিকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় স্থানীয় এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়া শেষে বাড়ির পাশের মুদির দোকানে চা-পাতা আনতে গেলে স্থানীয় যুবক শিশুটিকে চকলেট হাতে দিয়ে মামার সঙ্গে দেখা করার কথা বলে সিএনজিচালিত অটোরিকশায় তুলে সাতকানিয়া সদর হয়ে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছিলেন। এ খবর পেয়ে শিশুটির আত্মীয়স্বজনেরা সাতকানিয়া-বাঁশখালী সড়কের দেওদীঘি এলাকায় অবস্থান নিয়ে সাতকানিয়া সদরমুখী একটি অটোরিকশা থেকে সংজ্ঞাহীন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে এক অপহরণকারীকে আটক করেছেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করলে তাঁর দেওয়া তথ্যমতে ওই রাতে কেরানীহাট এলাকা থেকে অপর এক অপহরণকারীকে আটক করে পুলিশ।
শিশুটির দাদা নুরুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তিরা মুক্তিপণ আদায় করার জন্য আমার নাতিকে অপহরণ করে চট্টগ্রামের দিকে নিয়ে যেতে চেষ্টা করেছিল।’
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, অপহরণ চেষ্টাকালে স্থানীয় লোকজন অপহৃত শিশুটিকে উদ্ধার করে এক অপহরণকারীকে পুলিশে সোপর্দ করেছে। পরে পুলিশ আরেকজনকে আটক করেছে। এ ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে থানায় মামলা করেছেন।