শিশু অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু অপহরণের অভিযোগে যশোরের কেশবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে স্থানীয় লোকজন জাকিরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জাকিরকে কারাগারে পাঠানো হয়েছে। জাকির কেশবপুর উপজেলার কাস্তা গ্রামের আবদুল আজিজ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল রাতে জাকির ও তাঁর দুই সহযোগী মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী বাঁশবাড়িয়া গ্রাম থেকে আবু সাঈদ (১৩) নামের এক শিশুকে অপহরণের চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন জাকিরকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। আবু সাঈদ বাঁশবাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে। সে বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসা থেকে এ বছর জুনিয়র দাখিল পরীক্ষায় (জেডিসি) অংশ নিয়েছে।

এ ব্যাপারে সাঈদের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে কেশবপুর থানায় শিশু অপহরণের অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জাকিরকে আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

জাকিরকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক দাবি করে ওই কমিটির আহ্বায়ক আজহারুল ইসলাম বলেন, ‘জাকির ছাত্রলীগের নেতা। স্থানীয় দলীয় কোন্দলের কারণে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। অবিলম্বে আমরা তাঁর মুক্তির দাবি জানাচ্ছি।’

কেশবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম বলেন, মামলায় জাকিরসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করা হয়েছে। অপহরণের সময় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।