শিশু ও কলেজছাত্রসহ তিনজনকে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল শনিবার নাঈম ভূঁইয়া (২১) নামের এক কলেজছাত্রের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন গাজীপুরের টঙ্গীতে এক র্যাব কর্মকর্তার স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া গত শুক্রবার নরসিংদীর রায়পুরায় মেহেদী হাসান (১১) নামের এক শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
সোনারগাঁ (নারায়ণগঞ্জ): সকাল সাতটার দিকে উপজেলার কাঁচপুর সেতুর ঢালে নাঈম ভূঁইয়ার গুলিবিদ্ধ লাশ দেখে পথচারীরা পুলিশকে জানান। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে স্বজনেরা থানায় গিয়ে নাঈমের লাশ শনাক্ত করেন। তাঁর বুকে গুলির চিহ্ন রয়েছে। তিনি সোনারগাঁ পৌরসভার হাতকোপা গ্রামের প্রবাসী তোফাজ্জল হোসেন ভূঁইয়ার ছেলে ও গাজীপুরের মডেল ইনস্টিটিউশন অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
নাঈমের বড় ভাই ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ফাহিম ভূঁইয়া দাবি করেন, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে নাঈম বাড়ি থেকে বের হন। গতকাল সকালে তাঁর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
থানার উপপরিদর্শক (এসআই) আলী রেজা গতকাল রাত সাড়ে ১০টার দিকে প্রথম আলোকে জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
গাজীপুর: র্যাব-৪-এর নায়েক মো. ওমর আলীর স্ত্রী সালমা বেগম (২৬) গতকাল টঙ্গীর বড়দেওড়া আদর্শপাড়া এলাকার বাড়িতে একাই ছিলেন। দুপুরে দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। পাশের বাড়ির লোকজন ঘরের দরজা খোলা পেয়ে ভেতরে গিয়ে তাঁর লাশ দেখতে পান। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে সালমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় ঘটনাস্থল থেকে রক্তমাথা একটি ছুরি উদ্ধার করে পুলিশ।
টঙ্গী মডেল থানার এসআই ইয়াসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নরসিংদী: জেলার রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও গ্রামের মিজান মিয়ার ছেলে মেহেদী শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর রাতে চাচা জাকির হোসেনের ঘরের খাটের নিচে হাত-পা বাঁধা অবস্থায় মেহেদীর লাশ পান বাড়ির লোকজন। খবর পেয়ে উপজেলার হাসনাবাদ ফাঁড়ির পুলিশ তার লাশ উদ্ধার করে। মেহেদী বীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
হাসনাবাদ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আসাদ উল্লাহ জানান, মেহেদীর চাচা জাকির হোসেনের মালিকানাধীন করাতকলে কাজ করেন রাসেল মিয়া ও আমিনুল ইসলাম নামের দুই শ্রমিক। তাঁরা বিদেশে যাওয়ার জন্য মেহেদীর বাবা মিজানের মাধ্যমে ঢাকায় একটি জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠানের কার্যালয়ে টাকা জমা দেন। দীর্ঘদিনেও তাঁরা বিদেশে যেতে পারেননি। গত শুক্রবার মেহেদী নিখোঁজের পর থেকে ওই দুই শ্রমিকও উধাও হয়ে যান। ধারণা করা হচ্ছে, ওই দুই শ্রমিক শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে গেছেন।