শিশু ও কলেজছাত্রসহ তিনজনকে হত্যা
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামে গতকাল বৃহস্পতিবার শাওন হোসেন (৪) নামের এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সকালে গ্রামের একটি পুকুর থেকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। একই দিন খুলনার খালিশপুরে অজ্ঞাতনামা একজনের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভেড়াখালি গ্রামে এক কলেজছাত্রকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত ছাত্রের নাম কামরুজ্জামান (২১)। তিনি ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা কৃষি ডিপ্লোমা কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
কামরুজ্জামানের পারিবারিক সূত্র জানায়, গত বুধবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন কামরুজ্জামান। গতকাল ভোরে ঘরের দরজা খোলা দেখে তাঁর বাবা ভেতরে ঢুকে ছেলের লাশ পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে রাতের কোনো একসময় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
শিশু শাওনের মা ফাতেমা খাতুন (২৪) বলেন, তাঁর সঙ্গে ছয় বছর আগে ঝিকরা গ্রামের সাইফুল ইসলামের বিয়ে হয়। বিয়ের এক বছর পর তাঁদের একটি পুত্রসন্তান হয়। ২০০২ সালে সাইফুল অন্যত্র বিয়ে করেন এবং তাঁকে তালাক দেন। এর পর থেকে তিনি ছেলে শাওন হোসেনকে নিয়ে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করছিলেন। গত পয়লা বৈশাখ একই উপজেলার বামনখালী গ্রামের সবুজ গাজীর সঙ্গে তাঁর বিয়ে হয়। এক সপ্তাহ আগে সবুজ তাঁকে মুম্বাই নিয়ে যাওয়ার কথা বলেন। তিনি শাওনকেসহ যেতে রাজি হন। কিন্তু সবুজ শাওনকে নিতে রাজি হননি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গতকাল ভোরে সবুজ গ্রামের একটি পুকুরে চুবিয়ে শাওনকে হত্যা করেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মো. মাসুদ করিম বলেন, এ ঘটনায় কলারোয়া থানার উপপরিদর্শক জিন্নাত আলী বাদী হয়ে মামলা করেছেন। সবুজ গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনার খালিশপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ২ মে শামীম নামের এক ব্যক্তি পোর্ট স্কুলের সামনে আরিফ হোসেনের টিনশেডের বাসা আড়াই হাজার টাকায় ভাড়া নেন। তবে তাঁর পরিচয়পত্র পরে দেওয়া হবে বলে তিনি বাড়ির তত্ত্বাবধায়ককে জানান। ওই দিনই কিছু লোকের সাহায্যে ঘরে আসবাব তোলা হয়। ৫ মে আরও কিছু বস্তাবন্দী মাল ওই ঘরে রাখেন। ৬ মে দুপুরে শামীম কিছু সময়ের জন্য বাসায় আসেন এবং পাশের বাসার ভাড়াটের সঙ্গে কথা বলে চলে যান। গতকাল স্থানীয় লোকজন ওই ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে বস্তাবন্দী লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স ৪০-৪৫ বছর। গলায় দাগ আছে। দুই দিন আগে অন্য কোথাও গলায় ফাঁস দিয়ে মারার পর লাশ বস্তাবন্দী করে ওই ঘরে রাখা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।