পটুয়াখালী সদর উপজেলায় গত শনিবার দিবাগত রাতে গণপিটুনিতে এক ব্যক্তি এবং কলাপাড়া উপজেলায় এক গৃহবধূ হত্যার শিকার হয়েছেন। একই দিন রাজবাড়ীর পাংশা উপজেলায় ভ্যানচালক এক শিশুকে হত্যা করা হয়েছে।
এদিকে গতকাল রোববার শরীয়তপুর ও সাতক্ষীরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
পটুয়াখালীতে নিহত ব্যক্তির নাম জামাল হাওলাদার (৪৩)। তাঁর বাড়ি মৌকরণ গ্রামে। কলাপাড়ায় হত্যার শিকার গৃহবধূ আসমা আক্তার (২১) আমিরাবাদ গ্রামের কামরুজ্জামান রাহাতের (২৫) স্ত্রী। পাংশায় নিহত শিশুর নাম রিন্টু শেখ (১৩)। সে জোনাপাট্টা গ্রামের লিয়াকত আলী শেখের ছেলে। ভেদরগঞ্জে মারা যাওয়া দুই বোন হলো সাথী (৮) ও শান্তা (৬)। তারা বেরাচাক্কি গ্রামের সিরাজ মিজির মেয়ে। সাতক্ষীরায় মৃত শিশুর নাম কাজী তাজ (৪)। সে মাগুরা এলাকার প্রবাসী কাজী ইশাদের ছেলে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পটুয়াখালী: শনিবার রাত তিনটার দিকে মৌকরণ সেতু এলাকার নাসির খানের বাড়িতে চুরি করে বেরিয়ে যাওয়ার সময় ঘরের লোকজন টের পায়। তাঁদের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন ছুটে এসে জামালকে ধরে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কলাপাড়া (পটুয়াখালী): থানা-পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, দুই বছর আগে কামরুজ্জামান রাহাতের সঙ্গে আসমা আক্তারের বিয়ে হয়। সম্প্রতি রাহাতের সঙ্গে অন্য একটি মেয়ের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল।
আসমার বাবা আবদুল খালেক জানান, শনিবার বিকেল চারটার দিকে আসমাকে গলায় ওড়না পেঁচিয়ে রাহাত হত্যা করেন। এরপর তিনি লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন। ঘটনার পর আসমার শ্বশুর রেজাউল করিম পুলিশে খবর দেন।
রাজবাড়ী: নিহত রিন্টুর বড় ভাই মিন্টু শেখ বলেন, রিন্টু ভ্যান চালায়। শনিবার সকালে সে ভ্যান নিয়ে বের হয়। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। গতকাল সকাল ১০টার দিকে পাংশা পৌর এলাকার বিষ্ণুপুর গ্রামের পাটখেতে রিন্টুর লাশ দেখতে পান এলাকাবাসী।
শরীয়তপুর: ভেদরগঞ্জের চর সেনসাস ইউপির সদস্য সৈয়দ মাঝি বলেন, সাথী ও শান্তা গতকাল দুপুরে খেলতে যায়। বেলা দুইটার দিকে বাড়ির কাছের একটি পুকুরে তাদের লাশ পাওয়া যায়।
সাতক্ষীরা : গতকাল দুপুরে তাজ খেলতে গিয়ে বাড়ির পাশে পানিভর্তি একটি গর্তে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ পানিতে ভাসতে দেখেন।