শিশু ও দুই নারী খুন
নরসিংদীর শিবপুর উপজেলায় নাসির উদ্দিন (১২) নামের এক শিশু খুন হয়েছে। অপহৃত হওয়ার দুই দিন পর গতকাল সোমবার পুলিশ উপজেলার সাধারচর গ্রামের বায়োগ্যাসের একটি ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে।
একই দিন গাজীপুর সদর উপজেলার আদাবো এলাকায় নুরুন্নাহার (৩০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আবদুল্লাহপুর হাতিপাড়া গ্রামের ডোবা থেকে অজ্ঞাতনামা এক তরুণীর (২২) বস্তাবন্দী লাশ পাওয়া গেছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নরসিংদী: নিহত নাসির শিবপুরের মোল্লাকান্দা গ্রামের আবদুর রহমানের ছেলে। পুলিশ ও নিহত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার বিকেলে বাড়ির ভাড়াটিয়া তৌহিদুর রহমান ও সাধারচর গ্রামের আল আমিন ফুটবল খেলার কথা বলে নাসিরকে ডেকে নিয়ে যায়। এরপর নাসির আর বাড়ি ফেরেনি। ওই দিন রাতে তৌহিদের মুঠোফোনে নাসিরের পরিবারের সদস্যরা যোগাযোগ করলে সে জানায়, নাসির তাদের সঙ্গে রয়েছে। এরপর সে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরদিন শনিবার সকালে নাসিরের মুঠোফোন থেকে তার মামা কাজল মিয়ার মুঠোফোনে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে তৌহিদ। মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করার জন্য সে একটি মুঠোফোন নম্বর দেয়। পরে নাসিরের পরিবারের লোকজন ঘটনাটি শিবপুর মডেল থানার পুলিশকে জানায়। রোববার রাতে আল-আমিন একই উপজেলার কুমারাদী গ্রামে তার মামার বাড়িতে তৌহিদকে সঙ্গে নিয়ে রাত যাপন করতে আসে। খবর পেয়ে এলাকাবাসী তৌহিদকে আটক করে পুলিশে সোপর্দ করে। তখন আল আমিন পালিয়ে যায়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তৌহিদ নাসিরকে শ্বাসরোধে হত্যার পর সাধারচর গ্রামের একটি বায়োগ্যাসের ট্যাংকে লাশ ফেলে রাখার কথা স্বীকার করে।
গতকাল বিকেলে শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌহিদ হত্যার কথা স্বীকার করেছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গাজীপুর: এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার আদাবো এলাকায় জরুব উদ্দিনের ছেলে সিরাজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী মো. বিজয়ের সঙ্গে ঝগড়া হয়। ওই ঘটনার জের ধরে গতকাল বেলা আড়াইটার দিকে বিজয়ের মামা আনোয়ার হোসেন ও আলমগীর হোসেন ক্ষিপ্ত হয়ে জরুব উদ্দিনের বাড়িতে যান। তাঁরা জরুব উদ্দিনের ছেলে সিরাজুল ও জাহিদুলকে মারধর করেন। এ সময় তাঁদের মা নুরুন্নাহার বাধা দিতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নুরুন্নাহারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সিরাজুল ও জাহিদুলকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেরানীগঞ্জ(ঢাকা): পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে স্থানীয় লোকজন দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আবদুল্লাহপুর হাতিপাড়া গ্রামের একটি পরিত্যক্ত ডোবায় অজ্ঞাতনামা এক তরুণীর বস্তাবন্দী মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওই তরুণীর পরনে ছিল কমলা রঙের সালোয়ার ও কামিজ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. সালাহ উদ্দিন জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।