শিশু রোগীকে মেঝে থেকে বিছানায় তুলতে ১০০ টাকা, প্রতিবার নেবুলাইজার দিতে ১০ টাকা, শৌচাগার ব্যবহার করলে ১০ টাকা, অন্য যেকোনো সেবার জন্য ৫০ থেকে ১০০ টাকা। টাকা না দিলে কোনো সেবা নেই। এমনটাই অভিযোগ করেছেন পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি শিশুদের স্বজনেরা।
গত রোববার সরেজমিনে দেখা যায়, হাসপাতালের পুরোনো ভবনের দ্বিতীয় তলার বারান্দার মেঝেতে শিশু রোগীদের সারি। তিন কক্ষের শিশু ওয়ার্ডের বিছানা, মেঝে কোথাও ফাঁকা জায়গা নেই। প্রতিটি বিছানায় এলোমেলোভাবে শুইয়ে রাখা হয়েছে তিন থেকে চারজন শিশুকে। মেঝেতেও একই অবস্থা। অনেক শিশুর হাতে, পায়ে ও নাকে নল লাগানো।
ক্যামেরা হাতে ওয়ার্ডে ঢুকতেই শিশুদের স্বজনেরা এই প্রতিবেদককে ঘিরে ধরেন। একের পর এক অভিযোগ করেন তাঁরা।
শিশুদের স্বজনদের দাবি, টাকা ছাড়া কোনো সেবাই মিলছে না সরকারি এই হাসপাতালের শিশু ওয়ার্ডে। সেবিকাদের সহযোগিতায় আয়ারা এই টাকা নিচ্ছেন। পরে তা সবার মধ্যে ভাগ হচ্ছে।
নিউমোনিয়ায় আক্রান্ত শিশুকে দিনে তিন থেকে চারবার নেবুলাইজার দিতে হচ্ছে। প্রতিবার লাইনে দাঁড় করিয়ে নেবুলাইজার দিতে নেওয়া হচ্ছে ১০ টাকা। তবে বেশি টাকা দিলে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হচ্ছে না।
শয্যার অভাবে মেঝেতে রাখা হচ্ছে শিশুদের। তাঁদের জন্য শয্যা বরাদ্দ পেতে দিতে হচ্ছে ১০০ টাকা। রোগীর স্বজনেরা শৌচাগার ব্যবহার করলেও ছাড় নেই। এ জন্য দিতে হচ্ছে ১০ টাকা।
স্বজনেরা আরও জানান, প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০ জন রোগী ভর্তি থাকছে এই ওয়ার্ডে। তাদের মধ্যে খাবার বরাদ্দ রয়েছে ৪০ জনের। খাবার তালিকাভুক্ত হতে দিতে হচ্ছে ২০ টাকা। পরীক্ষা-নিরীক্ষার জন্য শিশুদের জন্য স্ট্রেচার ব্যবহার করলে দিতে হয় ৫০ টাকা। পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য প্রতিবার নেওয়া হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা। শিশুদের অধিকাংশ পরীক্ষা-নিরীক্ষা করাতে হচ্ছে হাসপাতালের বাইরে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে। হাসপাতাল থেকে কোনো পরীক্ষা করানো হলেও আদায় করা হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা। এ ছাড়া স্যালাইন লাগানো, ইনজেকশন দেওয়াসহ বিভিন্ন কাজের জন্য মাঝেমধ্যেই নেওয়া হচ্ছে ২০ থেকে ১০০ টাকা।
সদর উপজেলার আওতাপাড়া গ্রামের এরিনা খাতুন জানান, তিনি ছেলেকে নিয়ে ছয় দিন হলো হাসপাতালে এসেছেন। ওষুধের খরচ বাদে প্রতিদিন শুধু আয়াদের আবদার মেটাতেই তাঁর ১৫০ থেকে ২০০ টাকা খরচ হচ্ছে।
পিরপুর গ্রামের ময়েন উদ্দিন জানান, রোগীর স্বজনেরা জরুরি বিভাগে প্রবেশের পর তাঁদের দালালদের সাহায্য নিতে হচ্ছে। সেখানে পাঁচ টাকার টিকিট কিনতে হচ্ছে ২০ টাকায়। ভর্তির পর রোগীকে শিশু ওয়ার্ডে পৌঁছে দেওয়ার জন্য দালালরা নিচ্ছেন ১০০ টাকা। এরপর যত কাজ তত টাকা। টাকা না দিলে তাঁরা কোনো সেবা দিচ্ছেন না। উল্টো বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করেন।
সদর উপজেলার রামানন্দপুর গ্রামের নেহারা খাতুন বলেন, ‘টেকা ছাড়া কোনো কাম হয় না হেনে। টেকা না দিলি আয়ারা ঝগড়া লাগা দেয়। কিছুই করে না। সেবিকারা কাছে আসে না।’
এ ব্যাপারে আয়া জবেদা খাতুন বলেন, ‘আমি একা না। আরও চারজন আয়া আছে। আমরা জোর করে কারু কাছথেন টেকা নেই না। সগলে খুশি হয়াই দেয়।’
এ প্রসঙ্গে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালের সব সেবাই বিনা মূল্যের। আমি কখনোই টাকা নেওয়ার বিষয়টি শুনিনি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’