শিশু কবিরাজের অপচিকিৎসা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার হারোয়া গ্রামের চার বছরের শিশু কবিরাজ সাকিব হাসানের তথাকথিত চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেছে। গতকাল সোমবার কেউ ওই গ্রামে চিকিৎসা নিতে আসেনি।
গতকাল সোমবার প্রথম আলোয় ‘শিশু কবিরাজের অপচিকিৎসা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর থেকে আর কেউ চিকিৎসার জন্য সেখানে যায়নি।
বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রথম আলোয় খবর প্রকাশ করার পর জনগণ সচেতন হয়েছে। তারা আর কেউ এই অপচিকিৎসা করাতে আসবে না। আবারও যেন এটা চালু না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক আছি।’
হারোয়া গ্রামের সাত-আটজন বাসিন্দা জানান, পত্রিকায় সংবাদ প্রকাশের পর এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গতকাল থেকেই শিশু সাকিব হাসানের কাছে আর কেউ চিকিৎসা নিতে আসেনি। শিশুটির বাবা ফরহাদ হাসান এ ব্যাপারে আর আগ্রহ দেখাননি।
ফরহাদ হাসান বলেন, ‘সাকিব সারা দিন নিজের ঘরে ছিল। তাকে কেউ বিরক্ত করতে আসেনি।’ তাঁর বাড়ির আশপাশে অস্থায়ীভাবে বসা শতাধিক দোকানপাট বন্ধ হয়ে গেছে এবং পানি ও তেল বিক্রি করতেও কেউ আসেনি বলে তিনি জানান।
এলাকার বাসিন্দা মহসিন আলী বলেন, ‘এলাকায় লোকজন ও যানবাহনের জটলা ছিল না। এতে আমার গ্রামের বদনাম দূর হয়েছে।’