শিশু করবী হত্যাকাণ্ড: শেষ ভরসা সিআইডি

রাজধানীর হাজারীবাগে আইনজীবী দম্পতির মেয়ে তাসনিম রহমান করবী হত্যার চার বছর হতে চলল। কিন্তু কে বা কারা করবীকে নৃশংসভাবে খুন করেছে তা আজও বের করতে পারেননি তদন্তকারীরা। প্রথমে থানা-পুলিশ তদন্ত শুরু করলেও অগ্রগতি না থাকায় তদন্তভার পায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখানেও অগ্রগতি না হওয়ায় সম্প্রতি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। তাই পরিবারের আশা, এবার হয়তো আসল খুনিরা ধরা পড়বে।
আজ রোববার রাতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এস আই) এ এন এম নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সত্যি কথা বলতে কী, করবী হত্যার মূল রহস্য উদ্ধার করতে পারিনি। তবে আমার চেষ্টার কোনো কমতি ছিল না। হত্যায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তারও করি। কিন্তু হত্যার রহস্য উদঘাটন করতে পারিনি। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সিআইডিকে নির্দেশ দিয়েছেন তদন্ত করতে। দুই এক দিনের মধ্যে সিআইডির কাছে মামলার কাগজপত্র বুঝিয়ে দেব।’
২০১২ সালের ২৪ সেপ্টেম্বর হাজারীবাগের বাসায় করবীকে নৃশংসভাবে খুন করে অজ্ঞাত সন্ত্রাসীরা। সে পিলখানা মুন্সি আবদুর রউফ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণিতে পড়ত। তাঁর বাবা আইনজীবী এস এম মিজানুর রহমান ও মা আফরোজা ফারহানা আহম্মেদ।
মামলার নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, ঘটনার দিন বিকেল পাঁচটার দিকে করবী হাজারীবাগের বাসায় একা ছিল। তার বাবা ও মা ছিলেন আদালতে। ওই বাসার চতুর্থ তলায় করবীর মামা-মামিরাও বসবাস করতেন। ঘটনার সময় তার মামি নিজ ফ্ল্যাটে ছিলেন। মামিই প্রথম করবীদের বাসায় গিয়ে দেখতে পান, করবীর রক্তাক্ত দেহ। ঘরের আলমারি খোলা ছিল। কিছু স্বর্ণও খোয়া যায়। প্রথমে পুলিশ স্থানীয় কয়েক মাদকসেবীকে গ্রেপ্তার করে। আদালতে প্রতিবেদন দিয়ে পুলিশ বলেছিল, স্বর্ণালংকার লুট করার জন্য আগে থেকে আসামিরা করবীদের বাসায় ডাকাতির পরিকল্পনা করে। এ ছাড়া আরও দুজন স্থানীয় যুবককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। কিন্তু তাঁরা খুনের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন। পরে পুলিশ তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণও জোগাড় করতে পারেনি। এ কারণেই গ্রেপ্তার হওয়া আটজন জামিনে ছাড়া পেয়েছেন।
নিহত করবীর বাবা এস এম মিজানুর রহমান প্রথম আলোকে বলেছেন, ‘সত্যি আমি হতবাক। দিনে-দুপুরে আমার মেয়েকে খুনিরা হত্যা করল। অথচ প্রায় চার বছরেও খুনের রহস্য উদঘাটন করতে পারল না পুলিশ। কি কারণে আমার মেয়ে খুনের শিকার হলো তাও জানতে পারলাম না। হাজারীবাগ থানা-পুলিশ পারল না, ভেবেছিলাম ডিবি পারবে। তাঁরাও পারল না। এখন আমি সিআইডির দিকে তাকিয়ে আছি। আশা করি, সিআইডি আমাকে আমার মেয়ের হত্যার কারণ খুঁজে আমাকে জানাবে। খুনিদেরও তাঁরা গ্রেপ্তার করবে। আমি বিচার চাই।’