শিশু গৃহকর্মী জান্নাতকে ঢাকায় আনা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্যাতনের শিকার নয় বছরের শিশু গৃহকর্মী জান্নাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকালে চাঁদপুর থেকে জান্নাতকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। জান্নাতের মাথায় ইস্ত্রির ছ্যাঁকার ক্ষত থাকায় সেখানে প্লাস্টিক সার্জারি করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

গাজীপুরের জয়দেবপুরে ওমর ফারুক-মণি বেগম দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করার সময় বাড়ি যেতে চাওয়ায় নির্মম নির্যাতনের শিকার হয় নয় বছরের এই শিশু। জান্নাতের শরীরের পা থেকে মাথা পর্যন্ত গরম খুন্তি দিয়ে অসংখ্য ছ্যাঁকা, মাথায় ইস্ত্রির ছ্যাঁকা ও টাইলস দিয়ে আঘাত করা হয়।
গত ১৫ দিন শিশুটির চিকিৎসা চলেছে চাঁদপুর সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। হাসপাতালের সার্জারি চিকিৎসক মনিরুল ইসলাম বলেন, জান্নাতকে অনেকখানি সুস্থ করে তোলা সম্ভব হলেও মাথার ক্ষত পুরোপুরি ভালো হয়নি। জান্নাতের মাথায় ইস্ত্রির ছ্যাঁকার ক্ষত থাকায় সেখানে চুল গজাবে না। এ জন্য মাথায় প্লাস্টিক সার্জারি করতে হবে। চাঁদপুরে এ ব্যবস্থা না থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
আজ সকালে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) শামছুন্নাহার ও হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রদীপ কুমার দত্তের সহায়তায় জান্নাতকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
জান্নাতের মা ফিরোজা বেগম বলেন, এক বছর আগে তার খালাতো ভাই মোস্তফা সরদার জান্নাতকে ওমর ফারুক-মণি বেগম দম্পতির বাসায় গৃহপরিচারিকার কাজ দেওয়ার পর থেকে জান্নাতকে নানা কারণে নির্যাতন শুরু করে।
নির্যাতনের একপর্যায়ে মোস্তফা সরদার ১৪ সেপ্টেম্বর রাতে গাজীপুরের ওই বাড়ি থেকে জান্নাতকে হাইমচরে নিয়ে যান। প্রথমে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে জান্নাতকে ভর্তি করা হয়। জান্নাতের শারীরিক অবস্থা দেখে স্থানীয় লোকজন তাকে চাঁদপুর সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করায়। সে সময় এলাকাবাসী মোস্তফা সরদারকে পুলিশে সোপর্দ করেন। জান্নাতদের প্রতিবেশী চাঁদপুরের হাইমচর এলাকার শাহজাহান ভূঁইয়া বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন। মামলায় ওমর ফারুক, তাঁর স্ত্রী মণি বেগম ও মোস্তফা সরদারকে আসামি করা হয়। নির্যাতনের মামলায় অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: