শিশু গৃহকর্মীকে খুন্তির ছ্যাঁকা, গৃহকর্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে এক শিশু গৃহকর্মীকে খুন্তির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাড়ির গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, খুন্তির ছ্যাঁকায় মেয়েটির দুই স্তন ঝলসে গিয়ে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়েছে। চিকিৎসার জন্য গতকাল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
নির্যাতনের শিকার শিশুর নাম হোসনে আরা (১২)। সে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাওড়াবরাই গ্রামের উজ্জ্বল মিয়ার মেয়ে।
সাভার মডেল থানার পুলিশ জানায়, এক আত্মীয়ের মাধ্যমে হোসনে আরা আট মাস আগে সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার ব্যবসায়ী সাইফ খানের বাসায় গৃহপরিচারিকার কাজ নেয়। এরপর থেকেই সাইফ খানের স্ত্রী শাহানাজ পারভীন (২৫) তাঁকে শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। ক্রমাগত নির্যাতনের শিকার হোসনে আরা বাড়ি চলে যেতে চাইলে শাহানাজ গত ২৫ এপ্রিল গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে তার দুই স্তন ঝলসে দেন। এ কাজে শাহানাজকে সহায়তা করেন তাঁর মা সুফিয়া ইসলাম।
হোসনে আরা বলে, শাহানাজ তাঁকে প্রায় দিনই মারপিট করতেন। একদিন তার মাথায় চামচের আঘাত করলে আংশিক ফেটে যায়। এসব কারণে সে গত ২৫ এপ্রিল কৌশলে বাসা থেকে পালানোর চেষ্টা করে। বিষয়টি আঁচ করতে পেরে শাহানাজ হাত-পা বেঁধে তাকে মারধর করেন। একপর্যায়ে গ্যাসের চুলায় খুন্তি গরম করে তার দুই স্তনে চেপে ধরেন। এ সময় সে চিৎকার করলে শাহানাজের মা সুফিয়া তার মুখ চেপে ধরে রাখেন।
হোসনে আরার মা জাহানারা বেগম বলেন, নির্যাতনের পর হত্যার হুমকি দিয়ে তাঁর মেয়েকে বাসায় আটকে রাখা হয়। তার চিকিৎসাও করাননি তাঁরা। এমনকি কোনো ওষুধও খেতে দেওয়া হয়নি। এ অবস্থায় ২৮ এপ্রিল তাঁর মেয়ে শাহানাজের বাসা থেকে পালিয়ে বাড়ি চলে আসে। মেয়ের মুখে বিস্তারিত জানার পর তিনি তাকে নিয়ে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় এক আত্মীয়ের বাসায় আসেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে বিষয়টি জানান তিনি। তাঁদের পরামর্শে তিনি মঙ্গলবার রাতে সাভার মডেল থানায় গিয়ে সব খুলে বলেন। এরপর পুলিশের সহায়তায় রাতেই তিনি থানায় মামলা দায়ের করেন।
পুলিশি হেফাজতে থাকা অবস্থায় শাহানাজ পারভীনের সঙ্গে কথা বলতে চাইলেও তিনি মুখ খোলেননি।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন বলেন, মামলা দায়েরের পর মঙ্গলবার রাতেই শাহানাজকে গ্রেপ্তার করা হয়। তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে গতকাল তাঁকে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।