শিশু গৃহকর্মীকে ধর্ষণ, খাদ্যনিয়ন্ত্রক গ্রেপ্তার
রংপুরে এক শিশু গৃহকর্মী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক খাদ্যনিয়ন্ত্রককে গত রোববার বিকেলে শহরের ধাপ সাগরপাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার মেয়েটি (১২) গতকাল সোমবার সন্ধ্যায় জ্যেষ্ঠ বিচারিক আদালতের হাকিমের কাছে জবানবন্দি দিয়েছে।
এজাহারের বিবরণ অনুযায়ী, নীলফামারীর জলঢাকা উপজেলার ওই শিশুটি গত শনিবার গৃহকর্মী হিসেবে ওই খাদ্যনিয়ন্ত্রকের (৫৫) বাসায় আসে। ওই দিন রাতেই তিনি শিশুটিকে ধর্ষণ করেন। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। গত রোববার সকালে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ওই হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় খাদ্য কর্মকর্তাকে তাঁর ধাপ সাগরপাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।