শিশু গৃহকর্মীকে নির্যাতন, গৃহকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌরসভার সহকারী রুবেল খান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। রুজিনা খাতুন নামের ওই শিশু গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাভার থানা-পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, কদর সর্দার নামের এক প্রতিবেশীর মাধ্যমে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেকরীরচর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রুজিনা (১৩) নয় মাস আগে রুবেলের বাসায় কাজ নেয়। এরপর থেকে রুজিনাকে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। কদর সর্দার গত শনিবার রুজিনাকে অসুস্থ অবস্থায় তার বাড়িতে পৌঁছে দেন। তখন রুজিনার শরীরে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন ছিল। তার ওপরের পাটির দুটি দাঁত ভাঙা ও ডান হাতের কবজির নিচের অংশে পোড়া ক্ষত ছিল। তাকে ওই দিনই গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তার বাবা পরদিন সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু ঘটনাস্থল সাভার এলাকায় হওয়ায় অভিযোগটি পরে সাভার মডেল থানায় দাখিল করা হয়। অভিযোগে রুবেল ও তাঁর স্ত্রী শাহানাজ ছাড়াও কদর সর্দারকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর গত সোমবার সকালে পৌরসভা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
রুজিনার বাবা রফিকুল প্রথম আলোকে বলেন, রুবেলের বাসায় কাজ নেওয়ার পর থেকেই রুবেল ও তাঁর স্ত্রী তাঁর মেয়েকে নানাভাবে নির্যাতন করে আসছিলেন। ২ মে রুটি সেঁকার খুন্তি দিয়ে শাহানাজ তাঁর মেয়ের মুখে আঘাত করেন। এতে রুজিনার ওপরের পাটির দুটি দাঁত ভেঙে যায়। এ ছাড়া গরম খুন্তি দিয়ে তার বুক, পাঁজর ও পিঠে আঘাত করা হয়েছে। এ সময় তাঁর মেয়ে চিৎকার করলে ভাতের গরম মাড়ে তার ডান হাত চেপে ধরা হয়। এতে ওই হাতের কবজির নিচের অংশ ঝলসে যায়। এ ছাড়া তার মাথার কিছু চুলও তুলে ফেলা হয়েছে।
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় রুবেল বলেন, মেয়েটির এসব অভিযোগের বিষয়ে তাঁর কিছু জানা নেই। তাঁর স্ত্রী কিছু করেছেন কি না তা তিনি জানেন না।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ গতকাল মঙ্গলবার জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর মামলা লিপিবদ্ধ করে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর স্ত্রীসহ অপর আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ১০ দিনের রিমান্ড চেয়ে গতকাল রুবেলকে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছিল। আদালত আগামীকাল (আজ) বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।