শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদরের বল্লালবাড়ি এলাকায় ছয় বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার শিশুটির বাবা গৃহকর্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন।
নির্যাতনের শিকার শিশুটির নাম সুবর্ণা (৬)। তার বাবার নাম চান মিয়া। তিনি মীরকাদিম পৌরসভার কালিন্দিপাড়ায় ভাড়া থাকেন। ওই গৃহকর্ত্রীর নাম কল্পনা বেগম। তিনি বল্লালবাড়ির সিরাজ মাতবরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুবর্ণার বাবা চান মিয়া রিকশা চালান। তার জন্মের কয়েক বছর পরই মা ভারতী বেগম মারা যান। বাবা চান মিয়া তাকে এক বছর আগে সিরাজ মাতবরের বাড়িতে কাজ করতে পাঠান। গৃহকর্ত্রী কল্পনা বেগম কাজ না করলে সুবর্ণাকে প্রায়ই নির্যাতন করতেন। কল্পনা গত ৩০ অক্টোবর নির্যাতন করলে সুবর্ণার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ অবস্থা দেখতে পেয়ে গত বুধবার এলাকার কয়েকজন সুবর্ণাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে পুলিশ তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সুবর্ণার বাবা থানায় ছুটে আসেন। তিনি কল্পনা বেগমকে আসামি করে মামলা করেন। গতকাল আদালত সুবর্ণার জবানবন্দি নিয়েছেন। বিচারকের আদেশে পুলিশ সুবর্ণাকে তার বাবার জিম্মায় দিয়েছে।
সুবর্ণার বাবা চান মিয়া বলেন, ‘আমার মেয়েকে যারা নির্যাতন করেছে তাদের কঠোর শাস্তি দাবি করছি।’