শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় সুমাইয়া নামের ছয় বছরের এক গৃহকর্মীকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে পাগলা শাহীবাজার এলাকা থেকে ওই গৃহকর্মীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সৌদিপ্রবাসী আবদুল কুদ্দুসের স্ত্রী হালিমা বেগমকে আটক করেছে পুলিশ।

সুমাইয়া শরীয়তপুর জেলার ডামুড্যা এলাকার মোকসেদ মিয়ার মেয়ে। মোকসেদ গাছ কেটে লাকড়ি বানিয়ে বাজারে বিক্রি করেন। তার মা রিনা বেগম গৃহিণী। পুলিশ জানায়, শিশু সুমাইয়ার শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তির ছ্যাঁকার চিহ্ন রয়েছে।

পুলিশ ও সাংবাদিকদের কাছে সুমাইয়ার দেওয়া ভাষ্য, সাত-আট মাস আগে ওই পরিবারে গৃহকর্মী হিসেবে কাজ করতে আসে সে। গতকাল বুধবার রাতে সে ঘর মোছার পরও ঘরে ময়লা থেকে যাওয়ার কারণে খুন্তি গরম করে তার গালসহ শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেন হালিমা বেগম। রাতে যন্ত্রণায় ছটফট করেও একপর্যায়ে ঘুমিয়ে যায় সে। আজ সকালে ময়লা ফেলতে বাড়ির বাইরে বের হলে আশপাশের লোকজন তার শরীরে খুন্তির ছ্যাঁকার চিহ্ন দেখতে পায়। সুমাইয়া তাঁদের কাছে নির্যাতনের বিষয়টি জানালে স্থানীয় লোকজন গৃহকর্ত্রী হালিমা বেগমকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে সুমাইয়াকে উদ্ধার করে। সুমাইয়ার অভিযোগ, তাকে প্রায়ই নির্যাতন করা হতো। গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিতেন হালিমা। ব্যথায় কাতরালেও কোনো ওষুধ দেওয়া হতো না।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে নির্যাতনের শিকার শিশু সুমাইয়াকে উদ্ধার করে। গৃহকর্ত্রী হালিমা বেগমকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।