শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে এক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে (১১) নির্যাতন করার অভিযোগ উঠেছে। পুলিশ গতকাল রোববার শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান চালায়। কিন্তু ইতিমধ্যে ওই শিক্ষক গৃহকর্মীকে নিয়ে আত্মগোপন করেছেন।
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কমলপুর মহল্লায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত শিক্ষক সাহারা আক্তার ভৈরব উপজেলার মানিকদী গ্রামের আলফাজ উদ্দিন উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। কমলপুর মহল্লায় তিনি তাঁর স্বামীর সঙ্গে থাকেন। তাঁর বাবার বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ফরিদাবাদ গ্রামে। তিন বছর আগে তিনি সেখান থেকে বাসার কাজ করার জন্য খাদিজাকে নিয়ে ভৈরবে নিয়ে আসেন।
সাহারার প্রতিবেশীরা বলেন, সাহারা প্রায়ই খাদিজাকে মারধর করতেন। সম্প্রতি নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এক সপ্তাহ ধরে কখনো লাঠি দিয়ে আবার কখনো লোহার রড দিয়েও খাদিজাকে মারধর করেন তিনি। কয়েক দিন আগে লোহা গরম করে শরীরে ছ্যাঁকা দেওয়া হয়। তখন খাদিজার চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করেন।
খাদিজার মা মলিনা বেগম বলেন, অভাবের কারণে মাসিক ৫০০ টাকা বেতনে তিনি তাঁর মেয়েকে সাহারার হাতে তুলে দেন। তিন বছরে মাত্র চার হাজার টাকা পেয়েছেন। খাদিজার ভাই মুমিনুর মিয়ার স্ত্রী রাশেদা বেগম বলেন, খাদিজা এক বছর আগে গ্রামের বাড়িতে এসেছিল। সাহারা তাকে সঙ্গে করে এনে আবার সঙ্গে করে নিয়ে যান। কথা বলার সুযোগও দেননি।
এ বিষয়ে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত একাধিকবার সাহারার সঙ্গে মুঠোফোনে কথা হয়। নির্যাতনের কথা অস্বীকার করে তিনি একেক সময় একেক রকম তথ্য দেন। প্রথমে তিনি বলেন, খাদিজাকে দুদিন আগেই তার মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আবার বলেন, তিনি খাদিজাকে নিয়ে ঢাকায় আছেন। এলাকাবাসীর বরাত দিয়ে শরীরে ক্ষতচিহ্নের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, মেয়েটির চর্মরোগ আছে। দেখলে মনে হয় আঘাতের চিহ্ন।
শিশুটিকে উদ্ধার করতে গতকাল সকালে কমলপুর মহল্লার সাহারা আক্তারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সে সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি। ঘরটি তালাবদ্ধ ছিল। ভৈরব থানার এসআই কায়েস আহমেদ জানান, সাহারার স্বামী সুমন মিয়া তাঁকে বলেছেন এক দিন আগেই শিশুটিকে তার মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
তবে সরেজমিনে খাদিজার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বিকেল পর্যন্ত খাদিজা বাড়িতে আসেনি।
শিশুর লাশ উদ্ধার
সিলেট থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, সিলেটের জালালাবাদ থানা এলাকায় এক শিশুর লাশ ড্রেজিংয়ের পাইপের মুখের বালুর স্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
নিহত শিশুর নাম মোহাম্মদ মিজান (৮)। সে টুকেরবাজারে বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহর ছেলে। আবদুল্লাহ বলেন, দুপুরের খাবার খেয়ে খেলার কথা বলে বাড়ি থেকে মিজান বের হয়েছিল। বিকেল শেষেও বাড়ি না ফেরায় খুঁজতে গিয়ে লাশ মেলে। ড্রেজিং পাইপের আশপাশে খেলাধুলা করতে গিয়ে অসতর্কভাবে পড়ে গিয়ে মিজান মারা গেছে বলে তাঁদের পরিবারের ধারণা।
সিলেট মহানগরের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, প্রাথমিকভাবে দুর্ঘটনাবশত শিশুর মৃত্যু হয়েছে বলে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শিশুর লাশ রাতেই পরিবারের জিম্মায় দেওয়া হয়।