শিশু গৃহকর্মীকে যৌন নির্যাতন, খাদ্য কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে শিশু গৃহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে খাদেমুল ইসলাম (৫৫) নামের এক খাদ্য কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। গতকাল রোববার বিকেলে রংপুর শহরের ধাপ সাগরপাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার নির্যাতনের বর্ণনা দিয়ে ওই গৃহকর্মী আদালতে জবানবন্দি দিয়েছে।
পুলিশ জানায়, ওই গৃহকর্মীর বাড়ি নীলফামারী। গত শনিবার সে গৃহকর্মী হিসেবে খাদেমুলের বাড়িতে কাজ নেয়। ওই রাতেই খাদেমুল তার ওপর যৌন নির্যাতন চালান বলে অভিযোগ ওঠে। এতে গুরুতর অসুস্থ হলে গতকাল সকালে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। এ ঘটনায় ওই গৃহকর্মীর ফুফা বাদী হয়ে খাদেমুলের বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানায় মামলা করেন। পরে বিকেলে খাদেমুলকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় খাদেমুলকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ গৃহকর্মী আদালতে জবানবন্দি দিয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের কর্তব্যরত চিকিৎসক আবু শফি মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ওই গৃহকর্মীকে যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। তবে শিশুটি এখন আশঙ্কামুক্ত।