শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগ, একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের পুরানবাজারের কুলিবাগান এলাকায় তানজিলা নামে আট বছরের এক শিশু গৃহকর্মীকে গত সোমবার রাতে হত্যার পর লাশ গুমের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল মঙ্গলবার বিকেলে গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, তানজিলা কুলিবাগান এলাকায় নান্টু হাওলাদারের বাসায় কাজ করত। সে পুরানবাজার মার্চেন্ট একাডেমির শিশু শ্রেণির ছাত্রী ছিল। সে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেস্বর এলাকার তৈয়ব আলীর মেয়ে। গত সোমবার গভীর রাতের কোনো এক সময় ওই বাসায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে লাশ গুমের চেষ্টা করা হয়। গতকাল দুপুরের শহরের বাঁশগাড়ি এলাকায় লাশ গোপনে দাফনের চেষ্টা করা হয়। এতে এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বাঁশগাড়ি এলাকা থেকে তানজিলার লাশ উদ্ধার করে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, তানজিলার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া গৃহকর্ত্রী জোছনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁর স্বামী নান্টু পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে।