শিশু গৃহকর্মীর ওপর নির্যাতন গৃহকর্তা আটক
বরিশাল শহরে নির্যাতনের শিকার এক গৃহকর্মীকে (৯) উদ্ধার করে স্থানীয় লোকজন পুলিশের হেফাজতে দিয়েছেন। পুলিশ নির্যাতনকারী গৃহকর্তা নূরুল আহাদ ওরফে রানাকে আটক করেছে। এ ঘটনায় মামলা হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে নগরের কালুশাহ সড়ক থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। নির্যাতনের শিকার শিশুটির বাড়ি ভোলা জেলায়। সে দুই বছর ধরে কালুশাহ সড়কের নূরুল আহাদের বাসায় গৃহকর্মীর কাজ করছিল।
কালুশাহ সড়কের বাসিন্দা তৌহিদুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় শিশু গৃহকর্মী রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছিল। এ সময় সে রিকশাচালকদের অনুরোধ করে তাকে নিয়ে যাওয়ার জন্য। কান্নার কারণ জানতে চাওয়ায় মেয়েটি জানায়, তাকে গৃহকর্তা এবং গৃহকর্ত্রী প্রায়ই নির্যাতন করেন। শুক্রবারও তাকে নির্যাতন করা হয়েছে। এ সময় তার শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, গৃহকর্মী হিসেবে কাজ নিলেও বয়স কম হওয়ায় সব কাজ গুছিয়ে করতে পারত না মেয়েটি। এই অভিযোগে গৃহকর্তা এবং তাঁর স্ত্রী শিশুটিকে মারধর করতেন। শুক্রবারও তাকে মারধর করা হয়েছে। সুযোগ বুঝে সে ওই বাসা থেকে পালিয়ে রাস্তায় আসে।