শিশু গৃহপরিচারিকা ধর্ষণের শিকার
টাঙ্গাইলের সখীপুরে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে আট বছরের এক গৃহপরিচারিকা ধর্ষণের শিকার হয়েছে। গত সোমবার রাতে উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেনের রামখা টাঙ্গাইলা চালা গ্রামের বাড়িতে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় গতকাল বুধবার সকালে মেয়েটির বাবা রামখা টাঙ্গাইলা চালা গ্রামের নওশের আলীর ছেলে সুমন মিয়াকে (২০) আসামি করে সখীপুর থানায় মামলা করেছেন। গত মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আসামি সুমন বর্তমানে পলাতক।
চেয়ারম্যান জামাল হোসেন বলেন, ‘ছয় মাস ধরে মেয়েটি আমার বাড়িতে গৃহকর্মী হিসেবে অবস্থান করছে। পাশের বাড়ির সুমন প্রতিদিনই আমার বাড়ির বারান্দায় ঘুমায়। সুমনও ছোটবেলায় আমার বাড়িতে কাজ করত। বাড়িতে থাকার জায়গা না থাকায় ও এখানে চলে আসে। ও যে বারান্দায় ঘুমায়, সেটির লাগোয়া ঘরেই মেয়েটি ঘুমাত। ওই ঘরে মেয়েটি একাই ঘুমাত এবং ঘর ও বারান্দার মাঝখানে একটি দরজা আছে। গত মঙ্গলবার সকালে ওই ঘর থেকে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।’
মেয়েটির বরাত দিয়ে চেয়ারম্যান আরও জানান, সোমবার রাতের কোনো এক সময় সুমন মেয়েটিকে দরজা খুলতে বলে। মেয়েটি দরজা খুললে ঘরে ঢুকে সুমন তাকে ধর্ষণ করে। তিনি আরও বলেন, ‘সকালে ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমি মেয়েটিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।’
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শাহীনূর আলম বলেন, ‘রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে আমার কাছে আনা হলে আমি টাঙ্গাইল হাসপাতালে পাঠানোর জন্য পরামর্শ দিয়েছি।’
মেয়ের বাবা বলেন, ‘ওর মা নাই। আমি ঢাকায় রিকশা চালাই। চেয়ারম্যান সাবের কাছ থেইকা খবর পাইয়া মঙ্গলবার রাইতে ছুইটা আসছি। আমি ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
থানার ওসি বজলুর রশীদ বলেন, সুমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া চেয়ারম্যান জামাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।