দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। এর মধ্যে নতুন করে শিশু, ছাত্রী, গৃহবধূসহ চারজনকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক গৃহবধূ গত বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া বগুড়ার সোনাতলায় নবম শ্রেণির এক ছাত্রী, নরসিংদীর শালিথায় এক নারী শ্রমিক এবং দিনাজপুরের পার্বতীপুরে এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা-পুলিশ ও গৃহবধূর পরিবারের সদস্যরা জানান, রাতে ওই গৃহবধূর স্বামী মাছ মারতে বিলে গিয়েছিলেন। এই সুযোগে স্থানীয় আব্দুল খালেক ওই গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানার পর তাঁর স্বামী গতকাল শুক্রবার উল্লাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মহসিন আলী বলেন, অভিযুক্ত খালেককে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
বগুড়ায় নবম শ্রেণির এক ছাত্রীর বাবা বৃহস্পতিবার রাতে সোনাতলা থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ এর পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত কলেজছাত্র তায়েফ (২২) এবং সহযোগী হাসান আলীকে (২৩) গ্রেপ্তার করে। গতকাল বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোনাতলা থানার ওসি শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া তায়েফ মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে গত মঙ্গলবার নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। হাসান থানায় মামলা দায়েরে বাধা দেন। পরে বৃহস্পতিবার মেয়েটির বাবা মামলা করেন। আজ শনিবার ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হবে বলেও জানান ওসি।
নরসিংদীর শালিথায় নির্যাতিত নারী শ্রমিক গতকাল দুপুরে তিনজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন। সদর মডেল থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন আহমেদ বলেন, একটি পাওয়ারলুমের ওই নারী শ্রমিক কাজ শেষ করে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাড়ি যাচ্ছিলেন। পথে অভিযুক্ত আল আমিন (২০), রাহাত হোসেন (২০) ও বাহাউদ্দিন (১৯) তাঁকে জোরপূর্বক একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে রাতভর ধর্ষণ করেন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ওই নারীকে উদ্ধার এবং তিন ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
দিনাজপুরের পার্বতীপুরে ২০ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে প্রতিবেশী এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে। গ্রামবাসী জানায়, গতকাল দুপুরে শিশুটিকে ফুসলিয়ে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ওই তরুণ তাকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এর আগেই তরুণটি পালিয়ে যান। এ ব্যাপারে এখনো থানায় কোনো মামলা হয়নি বলে জানান পার্বতীপুর মডেল থানার ওসি মোস্তাক আহমেদ।
ঢাকার কাছে সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার এক কর্মকর্তার বিরুদ্ধে ওই কারখানারই এক নারী শ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানির পর বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে গত বৃহস্পতিবার আশুলিয়ার জামগড়া এলাকায় বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কর্মকর্তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। এর কয়েক ঘণ্টা পর মেয়েটির মা আশুলিয়া থানায় মামলা করেন।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ১২ জুন আশুলিয়ার নরসিংহপুর এলাকার অন্বেষা স্টাইল লিমিটেডের শ্রমিকেরা রাতের পালার কাজ করছিলেন। রাত আটটার দিকে কারখানার উৎপাদন ব্যবস্থাপক (পিএম) হারুন-অর-রশিদ মেয়েটিকে তাঁর কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
ভুক্তভোগী ওই পোশাকশ্রমিক প্রথম আলোকে বলেন, ঘটনার পর তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। এ কারণে তিনি ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা থেকে বিরত থাকেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবাদুল আউয়াল বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলেছ।