শিশু চুরি করে বিক্রির সময় তরুণী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গতকাল শনিবার চার মাস বয়সের একটি শিশুকে চুরি করে বিক্রির সময় এক তরুণীকে পিটুনি দেয় এলাকাবাসী। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। কালিয়াকৈর উপজেলার মৌচাক দোকানপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া শিশুটির নাম শামিম হোসেন। বিকেলে তাকে বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতের নাম সোরাইয়া আক্তার (২৩)। তিনি রাজশাহীর বাঘমারা উপজেলার কোনাবাড়ি উত্তরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, ইটভাটার শ্রমিক রিপন মিয়া স্ত্রী ও চার মাস বয়সী শিশু শামিমকে নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। পাশের অন্য একটি বাড়ির ভাড়াটে সোরাইয়া আক্তার গতকাল সকাল নয়টার দিকে পাশের ঘর থেকে শিশু শামিমকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতে থাকেন। একপর্যয়ে তিনি শিশুটিকে নিয়ে পালিয়ে যান। বেলা সাড়ে তিনটার দিকে সোরাইয়া শিশুটিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক দোকানপাড় এলাকায় নিয়ে যান। সেখানে এক নারীর কাছে শিশুটিকে পাঁচ হাজার টাকায় বিক্রি করার চেষ্টা করেন। তখন স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তিনি সঠিক উত্তর দিতে না পারলে তাঁকে পিটুনি দিয়ে শিশুটিসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মৌচাক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।