শিশু চুরির অভিযোগ
ফেনী সদর হাসপাতাল থেকে আট মাস বয়সী শিশু চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। শিশুটির নাম মেহেদী হাসান। এ ঘটনায় ফেনী সদর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
মেহেদী ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের মধ্যম শিলুয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
শিশুটির মা মোহছেনা বেগম অভিযোগ করেন, মেহেদীকে নিয়ে তিনি গতকাল বাড়ি থেকে ফেনী সদর হাসপাতালে যান। চিকিৎসক দেখাতে তিনি বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন। কাউন্টারের সামনে থাকা দুই নারীর কাছে মেহেদীকে রেখে তিনি শৌচাগারে যান। ফিরে এসে দেখেন ওই দুই নারী সেখানে নেই। শিশুটিকেও অন্য কারও কাছে রেখে যাননি তাঁরা।
ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ছারোয়ার জাহান বলেন, শিশু চুরি হওয়ার বিষয়টি শোনার পরই পুলিশকে জানানো হয়। তবে টিকিট কাউন্টারের কোনো অপরিচিত নারীর কাছে শিশুটিকে রেখে যাওয়া উচিত হয়নি মোহছেনা বেগমের।
ফেনী সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বলেন, বিষয়টি তাঁরা তদন্ত করছেন।