শিশু চুরির চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে শিশু চুরির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চুরির চেষ্টা হয়নি। এদিকে শিশুর পরিবার প্রথমে চুরি হওয়ার ঘটনার কথা জানালেও এখন তা অস্বীকার করছে। শিশু চুরির চেষ্টার সময় আটক এক নারীকে গতকাল মঙ্গলবার পুলিশ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
গত সোমবার রাতে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডের ২ নম্বর শয্যা থেকে দুই মাস বয়সী শিশু উম্মে হাসফিয়াকে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন শাহানাজ বেগম (৩০) নামের এক নারী। আটক শাহানাজের বাড়ি রাজশাহী নগরের ভাটাপাড়া এলাকায়।
ঘটনার পর রাতে হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশুর মা আইরিন পারভীন তাঁর শিশুকে খাওয়াচ্ছেন। ঘটনা জানতে চাইলে তিনি বলেন, তাঁদের বাড়ি পুঠিয়া উপজেলার বানেশ্বর মিস্ত্রিপাড়ায়। অসুস্থ বাচ্চাকে তাঁরা কয়েক দিন আগে হাসপাতালে ভর্তি করেন। রাত আটটার দিকে একজন নারী তাঁর বাচ্চার শয্যার পাশে এসে দাঁড়ান। সে সময় তিনি মনে করেছেন, ওই নারীর বাচ্চা হয়তো হাসপাতালে ভর্তি আছে। একসময় তাঁর (আইরিন) একটি ফোন আসে। তিনি কথা বলতে বলতে অন্যদিকে যান। ফিরে এসে দেখেন, বাচ্চা নেই। এরই মধ্যে বাইরে চিৎকার শুনে দৌড়ে যান। ওয়ার্ডের গেটের কাছে গিয়ে দেখেন, পাহারাদার আনসার সদস্যের কোলে তাঁর বাচ্চা। ওই নারীকে সবাই ঘিরে ধরেছেন। পরে পুলিশ এলে ওই নারীকে ধরিয়ে দেওয়া হয়।
রাজপাড়া থানার এসআই তসলিমা খাতুন গতকাল বিকেলে বলেন, ‘আমরা আজ (গতকাল) দুপুর পর্যন্ত অপেক্ষা করেছি। হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দিতে না আসায় ওই মহিলাকে মহানগর পুলিশ অধ্যাদেশের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
জানতে চাইলে হাসপাতালের উপপরিচালক তৌফিকুর রহমান বলেন, ‘ওই শিশুর মা ও নানি আমাদের কাছে লিখিতভাবে জানিয়েছেন, শিশু চুরির কোনো ঘটনা ঘটেনি, চুরির চেষ্টাও হয়নি। দায়িত্বরত ওয়ার্ড মাস্টার ও ওয়ার্ডের রেজিস্ট্রার আমাদের জানিয়েছেন, শিশুটিকে অক্সিজেন দিয়ে রাখা ছিল। চুরি করার চেষ্টা করা হলে শিশুটি মারাই যেত।’
রাতে শিশুটিকে অক্সিজেন ছাড়াই মায়ের কোলে দেখা গেছে উল্লেখ করলে ওই কর্মকর্তা বলেন, ‘ওয়ার্ডে থাকা লোকজন আমাদের এমনটাই জানিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘যে মেয়েটিকে চোর বলে সন্দেহ ধরা হয়েছে সে আসলে মাদকাসক্ত।’
গতকাল সন্ধ্যায় ওই ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ওই শয্যায় শিশুটিকে নিয়ে তার নানি শুয়ে আছেন। তিনি নিজের নামও বলেননি, শিশুটির মা কোথায়, তাও বলতে রাজি হননি। বরং বলেন, ‘ওই বাচ্চা নেই। তারা চলে গেছে। আমরা নতুন এসেছি।’ একপর্যায়ে কর্তব্যরত একজন সেবিকা পাশের শয্যার নিচ থেকে কাঁথা মুড়ে দেওয়া অবস্থায় শিশুর মা আইরিন পারভীনকে ডেকে তোলেন। আইরিন পারভীন তখন বলেন, ‘কাল যা বলেছি, বলেছি। আজ বলছি, আমার বাচ্চা হারায়নি।’