শিশু চুরির সময় হাতেনাতে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল শুক্রবার বিকেলে দেড় বছরের এক শিশুকে চুরি করে পালানোর সময় পপি আক্তার (২০) নামের এক নারীকে আটক করেছেন আনসার সদস্যরা। ওই শিশুর নাম আয়েশা।
শিশুটির মা রেহানা বেগম সাংবাদিকদের বলেন, তাঁদের বাড়ি যশোরের চৌগাছায়। ছয় মাস আগে তাঁর স্বামী সবুজ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তখন থেকে তিনি মেয়ে আয়েশাকে নিয়ে হাসপাতালেই অবস্থান করছিলেন। গত বৃহস্পতিবার রাতে পপি আক্তার নামের ওই নারী বার্ন ইউনিটে যান। পপি তাঁর সঙ্গে কথাবার্তা বলেন এবং বাচ্চাকে আদর করেন। পপি জানান, তাঁর একজন আত্মীয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে চিকিৎসাধীন।
রেহানা বলেন, গতকাল বেলা তিনটার দিকে পপি আবার বার্ন ইউনিটে আসেন। একপর্যায়ে তিনি মেয়ে আয়েশাকে হাসপাতালের বিছানায় রেখে বাথরুমে যান। বের হয়ে দেখেন, বাচ্চা নেই, পপিও নেই। তখন তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করেন। অন্য রোগীর স্বজনেরাও চিৎকার করতে করতে বার্ন ইউনিটের প্রধান ফটকের দিকে ছুটে যান। তখন সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা পপিকে বাচ্চাসহ আটক করেন।
পরে পপি সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি বাচ্চা চোর নন। তাঁর বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়। দুই দিন আগে তিনি ঢাকা মেডিকেলের নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন মোসলেম মিয়া নামের এক রোগীর কাছে আসেন। তবে বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছিলেন তিনি—এ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি পপি।
সন্ধ্যায় যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, আটক পপিকে থানায় সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
এর আগে ২০১৪ সালের ২১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ড থেকে রুনা আক্তারের যমজ সন্তানের একটি চুরি হয়। পরে ২৯ আগস্ট গাজীপুরের বোর্ড বাজারের উত্তর কমলেশ্বর বটতলা থেকে রাশেদা খানম (৪৮) ও বেলি আক্তার (৪৫) নামের দুই নারীকে গ্রেপ্তার করে তাঁদের কাছ থেকে ওই নবজাতককে উদ্ধার করে র্যা ব।