শিশু ছাত্রীকে পিটিয়ে আহত করলেন প্রধান শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক শিশু ছাত্রীকে পিটিয়ে আহত করেছেন। বড়ডেইল (মাথাভাঙা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ রোববার এ ঘটনা ঘটে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ছাত্রীর বাবা।
আহত মেয়েকে নিয়ে আজ বিকেলে তার বাবা টেকনাফের ইউএনও শাহ মোজাহিদ উদ্দিনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় ওই শিশুর সঙ্গে। সে জানায়, বাংলা বিষয়ের পড়া দিতে না পারায় তাকেসহ তিন-চারজন শিক্ষার্থীকে পেটান প্রধান শিক্ষক মোজাম্মেল হক। এরপর প্রধান শিক্ষক বই খুলতে বলেন। বইটি খুললে বইয়ের ভেতর থেকে একটি পৃষ্ঠা খুলে মাটিতে পড়ে যায়। এ ঘটনায় আরও ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক ঝাউ গাছের তিন-চারটি ডাল একসঙ্গে আঁটি বেঁধে ওই শিক্ষার্থীর পিটে, হাতে ও পায়ে মারতে শুরু করেন। এতে হাত ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। আহত শিশুটি বাড়ি যেতে চাইলে প্রধান শিক্ষক তাকে বাধা দিয়ে বিদ্যালয়ে বসিয়ে রাখেন। পরে দুপুরে বিদ্যালয় ছুটি হলে অন্য সহপাঠীরা তাকে বাড়ি পৌঁছে দেয়।
ওই শিক্ষার্থীর বাবা বলেন, তাঁর মেয়েকে স্থানীয় একজন পল্লি চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা করিয়েছেন। এখন সে স্কুলে যেতে ভয় পাচ্ছে। এ ঘটনায় তিনি লিখিত অভিযোগ দেওয়ার জন্য বিকেল পর্যন্ত ইউএনওর কার্যালয়ের বাইরে অপেক্ষা করছিলেন। শেষ পর্যন্ত ইউএনওকে না পেয়ে কর্মচারীদের কাছে তিনি অভিযোগটি দিয়ে আসেন।

এ ব্যাপারে প্রধান শিক্ষক মোজাম্মেল হক বলেন, পড়া দিতে না পারায় তিনি কয়েকজন শিক্ষার্থীকে পিটিয়েছেন। তিনি বলেন, ছেঁড়া বই না বাঁধানোর কারণে ওই শিক্ষার্থীর গায়ে একটু বেশি বেত আঘাত পড়েছে। শিক্ষা দিতে গেলে এ রকম মারধর করতে হয়।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস সহকারী কাজল কান্তি দাশ বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, সরকারি কাজে ইউএনও সেন্ট মার্টিন গেছেন। আগামীকাল অভিযোগটি তাঁকে দেওয়া হবে এবং আহত শিক্ষার্থীরও কিছু ছবি তুলে রাখা হয়েছে। সেগুলোও দেওয়া হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর বলেন, বিষয়টি তিনি এই প্রতিবেদকের কাছ থেকে জেনেছেন। অভিযোগ পেলে তদন্তপূর্বক ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।