শিশু জান্নাতকে নির্যাতনকারী গৃহকর্ত্রী গ্রেপ্তার
গাজীপুরে শিশু গৃহকর্মী জান্নাতুল ফেরদৌসকে নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রী মনি বেগমকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে শিশুটিকে নির্যাতনের মামলায় অভিযুক্ত তিনজনই গ্রেপ্তার হলেন।
গাজীপুরের জয়দেবপুরে ওমর ফারুক-মনি বেগম দম্পতির বাসায় কাজ করা চাঁদপুরের হাইমচরের নয় বছরের জান্নাতুল ফেরদৌস সম্প্রতি বাড়ি যাওয়ার জন্য আবদার করে প্রচণ্ড মারধর ও নির্যাতনের শিকার হয়।
এ ঘটনায় হাইমচর ও জয়দেবপুর থানার পুলিশ শুক্রবার রাত সাড়ে ১০টায় যৌথ অভিযান চালিয়ে মনি বেগমকে ঢাকার বাড্ডা এলাকায় এক আত্মীয়র বাসা থেকে গ্রেপ্তার করে। মনি বেগম শিশু নির্যাতনে করা মামলাটির ২ নম্বর আসামি।
হাইমচর থানার এসআই ওমর ফারুক বলেন, বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত মামলার ১ নম্বর আসামি ওমর ফারুক ও ৩ নম্বর আসামি মোস্তফা সরদারকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শিশুটির প্রতিবেশী শাহজাহান ভূঁইয়া বাদী হয়ে এই তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।
জান্নাতুল ফেরদৌসের মা ফিরোজা বেগম বলেন, পাঁচ সন্তানকে রেখে শিশুটির বাবা অন্যত্র চলে যাওয়ায় অভাবের তাড়নায় মেয়ে জান্নাতকে মানুষের বাসায় কাজের জন্য দেন। এক বছর আগে হাইমচরের বাসিন্দা মোস্তফা সরদার শিশুটিকে গাজীপুরের ওমর ফারুক-মনি বেগম দম্পতির বাসায় নিয়ে যান। সম্প্রতি শিশুটি প্রচণ্ড মারধর ও নির্যাতনের শিকার হলে ঈদের পরদিন গত বুধবার রাতে মোস্তফা সরদার শিশুটিকে গাজীপুরের ওই বাড়ি থেকে হাইমচরে নিয়ে যান। শিশুটির অবস্থা দেখে স্থানীয় লোকজন তাকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালের চিকিৎসক বেলায়েত হোসেন বলেন, তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে শিশুটির চিকিৎসা চলছে।