শিশু জুঁইকে নিঃসঙ্গ করেছে মাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণ করা হচ্ছে। সারিতে দাঁড়িয়েছেন নানা বয়সী প্রায় ২৫০ জন দুস্থ মানুষ। তাঁদের মধ্যে একজন মাত্র শিশু। বয়স পাঁচ বছর। সে-ও নিল সেমাই-চিনিসহ ঈদসামগ্রী। সবাই পুলিশের কাছ থেকে ঈদের উপহার পেয়ে খুশি হলেও জুঁইয়ের চোখ ছিল বিষণ্ন।

খোঁজ নিয়ে জানা গেল, জুঁই বাবা-মায়ের একমাত্র সন্তান। তাদের বাড়ি রাজশাহী নগরের পঞ্চবটি এলাকায়। ঈদ উপলক্ষে এ সময় জুইয়েরই বেশি খুশি থাকার কথা। কিন্তু আজ জুঁইয়ের পাশে স্বজনদের কেউ নেই। তার বাবা জুগল আলী ও মা পাপিয়া বেগম মাদক ব্যবসার অভিযোগে ছয় মাস থেকে জেলহাজতে আছেন। জুঁই এখন একা।

প্রতিবেশী হারুন বলেন, তিনি সম্পর্কে জুঁইয়ের বাবার মামা হন। মা-বাবাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর মেয়েটার যাওয়ার কোনো জায়গা ছিল না। জুঁইকে কাছে রেখেছেন তাঁর (হারুন) স্ত্রী। তাঁকে জুঁই দাদি বলে ডাকে। সেমাই-চিনি নিয়ে কোথায় যাচ্ছ—জানতে চাইলে জুঁই বলে, দাদির কাছে। দাদির কাছ থেকে ঈদের দিন সকালে সে সেমাই রান্না করে নেবে।

বাবা-মায়ের প্রসঙ্গ তুলতেই শিশুটির চোখ ছলছল করে ওঠে। কোনো কথা বলতে পারে না।

রাজশাহী মহানগর পুলিশ সূত্রে জানা যায়, ২১০ জন দুস্থ মানুষ এবং পুলিশের আহ্বানে সাড়া দিয়ে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে আসা ৪০ জন ব্যক্তির মধ্যেপোলাওয়ের চাল, চিনি, সেমাই ও গুঁড়ো দুধ বিতরণ করার জন্য গতকাল নগরের পঞ্চবটি এলাকায় অনুষ্ঠান করা হয়। সেখানে মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, উপকমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী, উপকমিশনার (পশ্চিম) এ কে এম নাহিদুল ইসলাম, সহকারী কমিশনার ইফতে খায়ের আলম, বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার সোহরাওয়ার্দী ও বোয়ালিয়া থানার ওসি শাহাদাত হোসেন খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত নগরের বোসপাড়া পুলিশ ফাঁড়ির একজন পুলিশ সদস্য বলেন, রাজশাহীতে বর্তমান পুলিশ কমিশনার মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার একটি উদ্যোগ নিয়েছেন। অনেক মাদকসেবী নতুন জীবন পেয়েছেন। কিন্তু এই মেয়েটির (জুঁই) বাবা-মা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। তাঁদের এ সর্বনাশা ব্যবসার কারণে মেয়েটিকে নিঃসঙ্গ ঈদ কাটাতে হচ্ছে।