শিশু ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়ায় শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ আজমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার এওচিয়া ইউনিয়নের জব্বার ফকিরের বাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজমের বাড়ি মধ্যম এওচিয়া গ্রামে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক।
পুলিশ জানায়, ২০১২ সালের ২৪ সেপ্টেম্বর ৬ বছরের একটি শিশুকে ধর্ষণ করেন মোহাম্মদ আজম। ঘটনার পরপরই তিনি পালিয়ে যান। এর তিন দিন পর শিশুটির চাচা মোহাম্মদ আজমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, ২০১২ সালের ৩১ ডিসেম্বর মোহাম্মদ আজমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। গত বছরের ৭ জুলাই আজমের অনুপস্থিতিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, দীর্ঘদিন পর পলাতক আসামি মোহাম্মদ আজম বাড়িতে এসেছেন, এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।