শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজ সোমবার বোরহান উদ্দিন (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। দুপুরে তাঁকে আটক করা হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, বোরহান একটি পোশাক কারখানার শ্রমিক ও জামালপুরের মেলান্দহ উপজেলার শিহাটা গ্রামের ওমর ফারুকের ছেলে। বোরহান ও ওই শিশুর মা-বাবা একই বাড়িতে ভাড়া থাকেন এবং একই কারখানায় চাকরি করেন। গতকাল রোববার সন্ধ্যায় বোরহান ওই শিশুটিকে বাড়ির পাশের এক কচুখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি এ ঘটনা মাকে জানায়। পরে শিশুটির বাবা অভিযোগ করলে সোমবার বোরহানকে আটক করা হয়।

এসআই জানান, শিশুটির চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।