শিশু ধর্ষণচেষ্টার বিচার বেত্রাঘাত, নাকখত ও জরিমানা
দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সালিসে অভিযুক্ত ব্যক্তিকে ১০১টি বেত্রাঘাত, ১০ হাত নাকখত ও ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার দুপুরে নওগাঁ সদর উপজেলার দুবলহাটি বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) শামসুল আলম জানান, এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে বুধবার রাতে দুবলহাটি বানিয়াপাড়ার বাসিন্দা লুৎফর রহমানকে (৫৫) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
গ্রামবাসী ও শিশুটির পরিবার সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে শিশুটির দিনমজুর বাবা ও মা বাড়ির বাইরে কাজ করতে যান। শিশুটি বাড়িতে একা থাকায় দুবলহাটি বানিয়াপাড়া গ্রামের লুৎফর রহমান ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির বাবা আকস্মিক বাড়িতে পানি পান করতে এসে এ দৃশ্য দেখে ফেলেন। বিষয়টি টের পেয়ে লুৎফর রহমান কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনা জানাজানি হলে দুবলহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মখলেসুর রহমান বুধবার দুপুরে এ নিয়ে গ্রামে সালিস ডাকেন। এ সময় ওই সালিসে ইউপি সদস্য কাজল রশিদ, গ্রাম্য মাতবর কাজল সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। সালিসে অভিযুক্ত লুৎফর রহমানকে দোষী সাব্যস্ত করে তাঁকে ১০১টি বেত্রাঘাত, ১০ হাত নাকখত ও ২ লাখ ১০ হাজার টাকার জরিমানা করা হয়। চেয়ারম্যান মখলেসুর রহমান আজম এ রায় দেন। লুৎফর রহমানের বাবা ইসমাইল হোসেন ছেলেকে ১০১টি বেত্রাঘাত করেন।
ইউপি সদস্য কাজল রশিদ জানান, জরিমানার দুই লাখ টাকা শিশুটির পরিবারকে দেওয়া হবে এবং বাকি ১০ হাজার টাকা স্থানীয় যুবকদের দেওয়া হয়েছে।
চেয়ারম্যান মখলেসুর রহমান বলেন, তিনি সালিসে উপস্থিত ছিলেন কিন্তু রায় ঘোষণার আগে সালিস থেকে চলে যান। তিনি দাবি করেন, বাদী ও বিবাদীর সম্মতিতে বিচার করা হয়েছে।
ইসমাইল হোসেন অভিযোগ করেন, তাঁর ছেলে নির্দোষ। অন্যায়ভাবে সালিসে তাঁকে দিয়ে ছেলেকে বেত্রাঘাত করানো হয়েছে। তিনি দাবি করেন, ছেলের কাছে নগদ টাকা না থাকায় তার (লুৎফর) বন্ধকি জমির ১ লাখ ৬০ হাজার টাকার স্ট্যাম্প চেয়ারম্যান নিয়ে গেছেন। লুৎফর রহমানের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, জোর করে চেয়ারম্যান ও তাঁর লোকজন বিচারের রায় চাপিয়ে দিয়েছেন।