শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু ধর্ষণের অভিযোগে পুরান ঢাকার ইসলামবাগে এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ। গতকাল রোববার সকালে শিশুটিকে ধর্ষণের অভিযোগ করে তার পরিবার। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
ঘটনার শিকার ১০ বছরের শিশুটি লালবাগ কেল্লা এলাকার একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। তার স্বজনেরা জানান, দুই বছর আগে শিশুটির মায়ের মৃত্যু হয়। শিশুটির বাবা একটি প্লাস্টিকের কারখানার কর্মী। শনিবার রাতে তিনি বাসার বাইরে ছিলেন। তাঁরা যে বাড়িটিতে থাকেন, সেই বাড়িটির নিরাপত্তাকর্মী রাশেদ (৩০) শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন। রাতেই ঘটনাটি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গতকাল সকালে রাশেদকে ধরে নিয়ে যায়।
চকবাজার থানার ওসি আজিজুল হক জানান, শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।