শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার
বগুড়ার কাহালু উপজেলায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শামসুল আলম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্র জানায়, বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া আবাসনের বাসিন্দা শামসুল আলম প্রায়ই ওই শিশুটিকে নানা জিনিসপত্র ও খাবার কিনে দিতেন। গত ২৯ এপ্রিল শামসুল আলমের স্ত্রী বাড়ি না থাকার সুযোগে তিনি ওই মেয়েকে খাবারের প্রলোভন দিয়ে বাড়িতে ডেকে এনে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না জানানোর জন্য ওই মেয়েকে ভয়ভীতি দেখান। কিন্তু পরে ওই মেয়ে গত শুক্রবার ঘটনাটি তার মাকে জানায়। এরপর শিশুটির মা শামসুল আলমের বিচার চেয়ে গ্রামে সালিস ডাকেন। শামসুল আলম ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের শরণাপন্ন হন। চেয়ারম্যান শুক্রবার রাতে ওই মেয়ের মা-বাবাকে ডেকে টাকা দিয়ে মিটমাটের ব্যবস্থা করেন। এদিকে পরের দিন শনিবার গ্রামবাসী ঘটনা জানতে পেরে সালিস না মেনে শামসুল আলমকে আটক করে মারপিট করেন। পরে থানায় খবর দিলে পুলিশ ওই দিন সন্ধ্যায় কাজীপাড়া গ্রামে গিয়ে শামসুল আলমকে আটক করে থানায় নিয়ে যায়। ওই দিন রাতেই ওই মেয়ের মা বাদী হয়ে কাহালু থানায় একটি মামলা দায়ের করেন।
বীরকেদার ইউপি চেয়ারম্যান ছেলিম প্রামাণিক মুঠোফোনে সালিস করার কথা অস্বীকার করেন।