শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
জয়পুরহাটের কালাই উপজেলায় গত বৃহস্পতিবার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির বাবা কালাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। রাতেই মামলার আসামি শাকিল হোসেনকে (১৮) গ্রেপ্তার করে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলা পৌর এলাকার থুপসারা গ্রামের সফিকুল ইসলামের ছেলে শাকিল হোসেন শিশুটিকে ফুসলিয়ে এনে পরিত্যক্ত একটি মুরগির খামারে নিয়ে ধর্ষণ করে এবং তাকে ফেলেই পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে এসে এ ঘটনা জানালে তার বাবা ওই দিন সন্ধ্যায় মামলাটি করেন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ শাকিলকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে গ্রেপ্তার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, শাকিলকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।