শিশু ধর্ষণের অভিযোগে সৎপিতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার সৎপিতাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই শিশুটিকে (১২) গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি পেশায় ভ্যানচালক।
ডেমরা থানার পুলিশ জানায়, ওই শিশু ডেমরার সানারপাড়ে থাকত। ঈদের আগের দিন ২৮ জুলাই শিশুটিকে বাসায় রেখে তার মা তার খালার বাসায় বেড়াতে যান। ওই রাতে শিশুটিকে তার সৎপিতা ধর্ষণ করেন। পরদিন বাসায় ফিরে মেয়ের কাছে এ ঘটনা শুনে শিশুটির মা বিষয়টি ডেমরা থানা-পুলিশকে জানান।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, শিশুটির মা তাঁর দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এই মামলায় গ্রেপ্তার করা আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।