শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
শেরপুর সদর উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মণ্ডল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে মণ্ডল মিয়ার বাড়িতে শিশুটি বেড়াতে গেলে মণ্ডল শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। এ ঘটনার পরপরই মণ্ডল ও তাঁর স্ত্রী গুলনাহার পালিয়ে যান।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গতকাল রোববার রাতে সদর থানা-পুলিশ নকলা উপজেলার চন্দ্রকোনা গ্রাম থেকে মণ্ডলকে গ্রেপ্তার করে। তাঁকে আজ সোমবার বিকেলে শেরপুরের মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমানের আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. কামাল হোসেন সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মণ্ডল ও তাঁর স্ত্রী গুলনাহারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলা দায়ের করেছেন। গতকাল রোববার জেলা সদর হাসপাতালে ধর্ষণের শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। পরে শিশুটি শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুমিনুন্নেছা খানমের আদালতে জবানবন্দি দিয়েছে। পুলিশ মামলার অপর আসামি মণ্ডলের স্ত্রী গুলনাহারকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।