শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
১০ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে খোকন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই ঘটনায় কদমতলী থানায় মামলা হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শিশুটির বাড়ি ফরিদপুরে। অভিযুক্ত খোকন শিশুটির বাবার বন্ধু ছিলেন। বিবাহিত খোকন তিন সন্তানের জনক।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার কুন্ডু জানান, শিশুটির বাবা-মা কেউ নেই। সে গোপালগঞ্জে এক ব্যক্তির বাসায় কাজ করত। ওই বাসায় তাকে মারধর করা হতো। এ অবস্থায় কয়েক দিন আগে সে তার বাবার বন্ধু খোকনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে কাজ চায়। খোকনের কথায় গত ২৯ জুন গোপালগঞ্জ থেকে শিশুটি ঢাকায় আসে। খোকন তাকে আফতাবনগর এলাকায় তাঁর এক বোনের বাসায় রাখেন। সেখান থেকে ৪ জুলাই তাকে পোস্তগোলার রাজাবাড়ি এলাকায় আরেক বোনের বাসায় নিয়ে আসেন।
এসআই প্রদীপ বলেন, পরদিন খোকন শিশুটিকে ওই বাসায় ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে ওই পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরাও বিষয়টি জেনে যায়। পরদিন বৃহস্পতিবার খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়। শিশুটি পুলিশের কাছে ঘটনা খুলে বলে। এরপর ওই এলাকার একটি চায়ের দোকান থেকে খোকনকে গ্রেপ্তার করা হয়।