শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌর শহরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার ওই শিশুটি ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। তাঁর নাম হুমায়ুন কবির (২২)।

পুলিশ সূত্র জানায়, সোমবার সকাল ১০টার দিকে শিশুটি বান্ধবীর বাড়িতে যাচ্ছিল। তার সঙ্গে সাড়ে তিন বছর বয়সী এক মামাতো বোন ছিল। মাঝ রাস্তায় পূর্বপরিচিত হুমায়ুন কবির তাদের অন্য জায়গায় বেড়াতে যাওয়ার কথা বলে গাড়িতে তুলে নেয়। পরে হুমায়ুন ওই দুই শিশুকে পৌর শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করেন তিনি। পরে বিকেল চারটার দিকে সংজ্ঞাহীন ওই ছাত্রীকে হুমায়ুন চকরিয়া সিটি হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ জানায়, শিশুটিকে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ কৌশলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ হাসপাতাল থেকে হুমায়ুনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিশুটির মামি বাদী হয়ে গতকাল মঙ্গলবার সকালে থানায় মামলা করেন। শিশুটিকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেপ্তার হুমায়ুনকে গতকাল চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।