শিশু ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আজ রোববার বেল্লাল হোসেন (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার বাদী জানান, শিশুটি তাঁর নাতনি। গতকাল শনিবার সকাল ছয়টার দিকে শিশুটিকে একা ঘরে রেখে তিনি বাইরে কাজে যান। তাঁর অভিযোগ, এ সময় প্রতিবেশী বেল্লাল হোসেন ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বেল্লাল পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। এখন শিশুটি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, শিশুটিকে ধর্ষণ (যৌন নির্যাতন) করা হয়েছে। এতে সে গুরুতর আহত হয়েছে। তবে এখন তার অবস্থা আশঙ্কামুক্ত।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, এ ঘটনায় বেল্লাল হোসেনকে অভিযুক্ত করে ধর্ষণ মামলা হয়েছে। বেল্লালকে গ্রেপ্তার করা হয়েছে। কাল সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে।