শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পারসাতুরিয়া গ্রাম থেকে আবদুল মালেক হাওলাদার (৬৫) নামের ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি কাউখালী সদর ইউনিয়নে। ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় এক মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী।

আজ সোমবার দুপুরে পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আবদুল মালেক হাওলাদারকে গ্রেপ্তারের খবর জানান। এ সময় আবদুল মালেক হাওলাদারকে সেখানে হাজির করা হলে সাংবাদিকদের কাছে ধর্ষণের কথা স্বীকার করেন।

পুলিশ ও মেয়েটির পারিবারিক সূত্রে জানা যায়, আবদুল মালেক হাওলাদার প্রতিবেশী ওই শিশুকে প্রায়ই চকলেট ও বিস্কুট কিনে দিতেন। গতকাল দুপুরে আবদুল মালেক শিশুটিকে ফুসলিয়ে বাড়ির পাশের একটি কলাবাগানে ডেকে নিয়ে যান। এরপর জোর করে মেয়েটিকে ধর্ষণ করেন তিনি। পরে মেয়েটি তার মাকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ গতকাল মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করায়। ওই দিন রাতে মেয়েটির মা বাদী হয়ে আবদুল মালেকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মামলা নেওয়ার চার ঘণ্টার মধ্যে আসামি আবদুল মালেককে তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন বলেন, ৬৫ বছরের একজন বৃদ্ধের ১০ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা দুঃখজনক।