শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
১০ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ভাটারা থানার পুলিশ।
শিশুটি রাস্তায় কাগজ কুড়াত। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে।
গ্রেপ্তার যুবকের নাম রাসেল উদ্দীন দেওয়ান (২০)। তাঁর বাড়ি শরীয়তপুরে। তিনি রাজধানীর ভাটারায় একটি কক্ষ ভাড়া
নিয়ে থাকতেন। দোকানে দোকানে পানি সরবরাহের কাজ করেন তিনি।
ভাটারা থানার এসআই জিয়াউদ্দিন প্রথম আলোকে বলেন, শিশুটি টঙ্গী এলাকায় কাগজ কুড়ায়। তার পরিবার সেখানে ভাড়া থাকে। বৃহস্পতিবার রাসেল শিশুটিকে নতুন জামাকাপড় ও জুতা কেনার লোভ দেখিয়ে তাঁর সঙ্গে নেয়। তিনি শিশুটিকে এক জোড়া জুতাও কিনে দেন। এরপর বাসায় নিয়ে রাসেল শিশুটিকে ধর্ষণ করেন। সে সময় শিশুটির চিৎকারে নিচতলার লোকজন দৌড়ে আসেন। তাঁরা রাসেলকে ধরে পুলিশকে জানান।
এসআই জিয়াউদ্দিন বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। আদালতের নির্দেশে ওই যুবককে কারাগারে পাঠানো হয়।