শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের ডাংশেরঘাট গ্রামে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবার দায়ের করা মামলায় পুলিশ এক কিশোরকে (১৩) গ্রেপ্তার করেছে। 

 গত বুধবার সন্ধ্যায় উপজেলার ডাংশেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, বুধবার সন্ধ্যার কিছু আগে শিশুটি গ্রামের একটি হলুদখেতে ছাগল আনতে যায়। এ সময় ওই কিশোরটি একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে। প্রতিবেশী এক নারী ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করে উঠলে কিশোরটি পালিয়ে যায়। এ সময় পরিবারের লোকজন শিশুকে উদ্ধার করে রাতে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক বলেন, শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

ওসি ইসমাইল হোসেন বলেন, রাতে ধর্ষণের শিকার শিশুটির বাবা বাদী হয়ে কিশোরটিকে আসামি করে মামলা করেন। পুলিশ রাত দুইটার দিকে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।