শিশু ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার
চট্টগ্রামে তানিয়া আকতার নামের আট বছরের এক শিশুকে ধর্ষণের একটি মামলায় আমির হোসেন (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোর রাতে নেত্রকোনার মদন উপজেলার বাসরিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রামের ইপিজেড থানার পুলিশ।
গত ১২ নভেম্বর সন্ধ্যায় ইপিজেড থানার নারকেলতলা এলাকার বাসা থেকে বের হয়ে নানির জন্য পান আনতে গিয়ে আর ফেরেনি শিশু তানিয়া। এর পরদিন চট্টগ্রামের বানসার এলাকার একটি পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় শিশু তানিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তানিয়ার পরিবারের পক্ষ থেকে থানায় ধর্ষণের অভিযোগে মামলা করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে জানান, ধর্ষণের ঘটনায় মামলা করার পর পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পর নেত্রকোনা থেকে আমিরকে গ্রেপ্তার করা হয়। তাঁকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমির শিশু তানিয়াকে ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে তিনি দাবি করেন।
পুলিশ জানায়, আমির হোসেন পেশায় কাভার্ড ভ্যানচালকের সহকারী। ঘটনার পর নারকেলতলা এলাকা থেকে পালিয়ে আমির নানাবাড়ি নেত্রকোনায় পালিয়ে যান।
শিশু তানিয়া আকতারের বাড়িও নেত্রকোনায়। সে তার মামার বাড়ি চট্টগ্রামে থাকত।