শিশু ধর্ষণের শিকার হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার পশ্চিম হালসা গ্রামের ৩৮ বছরের এক যুবক গত মঙ্গলবার সন্ধ্যায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে। এই ঘটনার পর ওই শিশুটি অসুস্থ হয়ে পড়লে গতকাল বুধবার সকালে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর সদর হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক নার্গিস আরা জানান, শিশুটিকে গতকাল সকালের দিকে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাটোর সদর থানা-পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ছয়টার দিকে শিশুটি বড়ই কুড়ানোর জন্য হালসা গ্রামের আবদুর রশিদের বাড়িতে যায়। এ সময় আবদুর রশিদ তাকে প্রলোভন দেখিয়ে শোয়ার ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। শিশুটির কান্নাকাটিতে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। শিশুটির বাবা জানান, ওই ঘটনায় শিশুটি রক্তাক্ত হয়েছে এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তিনি এ ব্যাপারে ওই রাতেই আবদুর রশিদের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে সদর হাসপাতালে গিয়ে শিশুটিকে কান্নাকাটি করতে দেখা যায়। সে ভয়ে বিছানায় শুয়ে থাকতে চাচ্ছে না। মায়ের কোলে শিশুটি মুখ গুঁজে রয়েছে। কারও সঙ্গে কথা বলছে না।
শিশুটির মা বলেন, ‘লোকজন হাতেনাতে রশিদকে ধরার পরও রশিদ ও তাঁর আত্মীয়রা লাঠিসোঁটা নিয়ে আমাদের বাড়িতে হামলা করতে এসেছিল। ওরা প্রভাবশালী হওয়ায় আমাদের মামলা করতে নিষেধ করেছে।’
অভিযুক্ত আবদুর রশিদ পলাতক থাকায় তার বক্তব্য জানা যায়নি।